খেলার ৮৪ মিনিটে মাঠে নেমে ইতিহাস গড়লেন ফ্রান্সেসকো কামারদা। এসি মিলানের ডাগআউট থেকে বদলি খেলোয়াড় হিসেবে ডাক পেয়ে মাঠে পা রাখেন ১৫ বছর ২৬০ দিন বয়সী কিশোর। আর তাতেই সেরি আ’র ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে নাম লেখালেন। খবর সিএনএন।

শনিবার (২৫ নভেম্বর) ফিওরেন্টিনার বিপক্ষে লুকা জোভিচের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন কামারদা। ততক্ষণে ম্যাচের ৮৪ মিনিট শেষ। তবে তার দল তখন ১-০ গোলে এগিয়ে। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখেই মাঠ ছাড়েন তারা।

এর আগে ২০২১ সালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ডের আসনে ছিলেন উইসডোম অ্যামি। ওই খেলোয়াড়ের বয়স ছিল ১৫ বছর ২৭৪ দিন। তবে গতকাল এই রেকর্ড ছাড়িয়ে ইতিহাসে নিজের নাম খোদাই করে নেন কামারদা।

সান সিরোতে এদিন ফিওরেন্টিনাই আধিপত্য দেখিয়েছে। তবে এরই মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোসেনেরিদের এগিয়ে দেন থিও হার্নান্দেজ। এই লিড ধরে রেখেই শেষ পর্যন্ত জয় পায় মিলান।

এ জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এসি মিলান। এক ও দুইয়ে থাকা ইন্টার মিলান ও জুভেন্টাস এক ম্যাচ কম খেলেই সংগ্রহ করেছে যথাক্রমে ৩১ ও ২৯ পয়েন্ট।