গত ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়োমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ। এই আসরের শিরোপার মীমাংসা হবে আর তিন ম্যাচ পরই। আজ নকআউট পর্ব শুরু। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় আরেক সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। রোববার আহমেদাবাদে ফাইনাল।    

চলতি বিশ্বকাপে শিরোপার হট ফেভারিট ভারত। তারাই একমাত্র দল হিসেবে রাউন্ড রবিন লিগে ৯টি ম্যাচ খেলে সবগুলোই জিতেছে। টেবিলের এক নম্বর দলের সঙ্গে আজ টেবিলের চার নম্বর দলের লড়াই।

ভারত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেসঙ্গে এবার ঘরের মাঠে খেলা বলে পরিষ্কার ফেভারিট রোহিত শর্মার দল। অন্যদিকে, কিউইরাও ছেড়ে কথা বলবে না ভারতকে। কেন উইলিয়ামসনের দল ‘সাইলেন্ট কিলার’ হিসেবে খ্যাতি লাভ করেছে। গতবারের ফাইনালিস্ট এই দলটি এবারও শুরুর চারটি ম্যাচ টানা জয়ের পর ছন্দ হারায়। যদিও শেষ পর্যন্ত অনিশ্চয়তা কাটিয়ে সেমিফাইনালে উঠে এসেছে তারা। এবার শেষ চারের লড়াই। চার বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ভারতকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। আজ ভারতের বিপক্ষে আরকেটি ‘নকআউট’ ম্যাচ খেলতে নামছেন উইলিয়ামসনরা।

অন্য ম্যাচে লড়বে ক্রিকেটের চির ‘ভাগ্য বিড়ম্বিত’ দল দক্ষিণ আফ্রিকা ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফর্ম কিংবা দুই দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে প্রোটিয়ারা কর্তৃত্ব করে এসেছে। যদিও বড় আসর এলেই অজিরা ধীরে ধীরে পরাশক্তি হয়ে ওঠে, বিপরীতে প্রোটিয়াদের চাপে ভেঙে পড়ার একাধিক নজির আছে।

১৯৯২ ও ২০০৩ সালের বিশ্বকাপে বৃষ্টিতে ভেসে যায় দক্ষিণ আফ্রিকার আশা। এবারও কি তাই ঘটবে? কলকাতায় যে বৃষ্টির পূর্বাভাস আছে। শুক্রবার রিজার্ভ ডের ব্যবস্থা রয়েছে। শুক্রবারও ভারী বর্ষণ হতে পারে। দুই দিনে যদি ম্যাচ শেষ করা না যায়, তবে রাউন্ড রবিন লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে প্রোটিয়ারা পাবে ফাইনালের টিকিট। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে শিরোপার নিষ্পত্তি হবে।