দলটির অন্যতম সিনিয়র খেলোয়াড় বাবর আজম ব্যর্থ হন শোচনীয়ভাবে। এমনকি শ্রীলংকার বিপক্ষে সুপার এইটের বাঁচামরার ম্যাচে একাদশেও রাখা হয়নি বাবরকে। এখন বলা হচ্ছে বাবর আসলে ফিটই ছিলেন না!

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ বলেছেন, বিশ্বকাপ থেকে ফেরার পর বাবরকে চোটগ্রস্ত দেখা যায়। এছাড়া বাবর, ফখর জামান ও সালমান মির্জার ফিটনেস লেভেল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাবরকে তাই বাংলাদেশ সফরের দলে রাখা হয়নি।

গতকাল সংবাদ সম্মেলনে সাবেক মিডিয়াম পেসার আকিব বলেন, ‘বাবর খেলার মতো ফিট নয়। ফখর জামানও। সালমান মির্জাও ফিট নয়। আমরা পিসিবিকে বলেছি যেন ইনজুরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। এটা কীভাবে সম্ভব যে বাবর ও ফখর উভয়ই আনফিট থাকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর আমরা তাদের ইনজুরি সম্পর্কে জানতে পেরেছি। তাহলে কি বিশ্বকাপের সময় তাদের ফিটনেসটা মনিটর করা হয়নি? আমাদের নির্বাচকদের এ বিষয়টি নিয়ে সজাগ থাকতে হবে। তবে বিশ্বকাপের সময় খেলোয়াড়দের স্বাস্থ্যগত আর ইনজুরির বিষয়গুলো হেড কোচ ও ফিজিওর দেখা উচিত। আমাদের জানানো উচিত ছিল।’