বর্ণবাদবিরোধী প্রতিবাদ চলছে, জয়রথও ছুটছে নাওমি ওসাকার। ইউএস ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিলেন জাপানি তারকা। মেয়েদের এককে শেষ চারে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির। ছেলেদের এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জার্মান তারকা আলেক্সান্ডার জেভেরেভ ও স্পেনের পাবলো কারেনো বুস্তা।
টুর্নামেন্টের চতুর্থ বাছাই ওসাকা আজ ভোরের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে সরাসরি ৬-৩, ৬-৪ গেমে হারান। ২২ বছর বয়সী তারকা সেমিফাইনালে লড়বেন ব্র্যাডির বিপক্ষে। আমেরিকান খেলোয়াড়টি কাজাখস্তানের ইউলিয়া পুতিনেতসোভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে নাম লেখান। ২৩তম বাছাই পুতিনেতসোভাকে উড়িয়ে দিতে মাত্র এক ঘণ্টা ৯ মিনিট সময় লেগেছে ২৮তম বাছাই ব্র্যাডির।
সেমিফাইনালে ওঠার পথে কোনো সেট হারেননি ব্র্যাডি, এমনকি অন্য সবার চেয়ে কম গেম হেরেছেন। ওসাকা তাই বললেন, বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারেন ব্র্যাডি। জাপানি তারকার কথায়, ‘আমি মনে করি সে অবিশ্বাস্য এক খেলোয়াড়, তার খেলায় রয়েছে বৈচিত্র্য, যেমনটি আমার মধ্যে আছে, কাজেই তার ব্যাপারে আমি কিছুটা ঈর্ষান্বিত।’
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেমিতে জায়গা করে নিলেন জেভেরেভ। প্রথম সেটটি হারের পর দ্বিতীয় সেটটি টাইব্রেকারে কষ্টে জিতেছেন। তৃতীয় সেটের মীমাংসাও হয় টাইব্রেকারে। যদিও এবার টাইব্রেকারে জেভেরেভই দাপট দেখান। ২-১ সেটে এগিয়ে থাকার পর চতুর্থ সেটটি অনেকটা সহজে জিতে যান তিনি। সব মিলিয়ে, ১-৬, ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/১), ৬-৩ গেমের জয় পান জার্মান তারকা।
পেছনে পড়েও এমন জয় শেষে জেভেরেভ বললেন, ‘৬-১ ও ৪-২ গেমে পিছিয়ে থাকার পর ভাবলাম, আমার তো হারানোর কিছু নেই।’
শেষ চারে ২০তম বাছাই স্পেনের কারেনো বুস্তার বিপক্ষে খেলবেন জেভেরেভ। ম্যারাথন ম্যাচে স্প্যানিশ খেলোয়াড় বুস্তা ৩-৬, ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৪), ০-৬, ৬-৩ গেমে হারান কানাডার ডেনিস শাপোভালোভকে।
রোববার এই বুস্তার বিপক্ষে ম্যাচে লাইন জাজের গায়ে বল মেরে ডিসকোয়ালিফায়েড হন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, তাতেই ছেলেদের এককে শিরোপার লড়াইটা বেশ উন্মুক্ত হয়ে পড়ে। জোকোভিচ বিদায় নেয়ায় এটা নিশ্চিত, ফ্লাশিং মিডোতে এবার শিরোপা হাতে নেবেন নতুন কেউ।
এ সম্ভাবনা নিয়ে জেভেরেভ বলেন, ‘আমি জানি, সব তরুণ ছেলেরাই এর জন্য ক্ষুধার্ত। এটা খুবই চিত্তাকর্ষক হতে যাচ্ছে।’
আজ শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবেন ডমিনিক থিয়েম ও অ্যালেক্স ডি মিনাউর এবং দানিল মেদভেদেভ ও আন্দ্রেই রুভলেভ। মেয়েদের এককে শেষ আটে সেরেনা উইলিয়ামস খেলবেন অবাছাই সভেতানা পিরনকোভার বিপক্ষে, ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রতিপক্ষ এলিস মের্টেনস।
সূত্র: বিবিসি ও এএফপি










