ফরাসি লিগ ওয়ানের শুরুটা ভালো না হলেও,
ধীরে ধীরে
ছন্দে ফিরতে শুরু করেছে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দূরন্ত পিএসজির সামনে এবার দাঁড়াতেই পারল না অ্যাঞ্জার্স। সবমিলিয়ে
প্রতিপক্ষের জালে পিএসজি বল জড়িয়েছে ছয়বার। বড় জয়ের পথে পিএসজির হয়ে দারুণ নৈপুণ্য
দেখিয়েছেন নেইমার ও এমবাপ্পে। নেইমার পেয়েছেন জোড়া গোলের স্বাদ।
প্যারিসে এদিন শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল পিএসজি। মাত্র ৭
মিনিটে দলকে এগিয়ে দেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন এই
তালিয়ান তারকা। এরপর আক্রমণের ধারায় ৩৬ মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।
এমবাপ্পের অ্যাসিস্টে সহজেই লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথমার্ধে এ দুই
গোলই ছিল পিএসজির সঙ্গী।
বিরতির পরপরই পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন নেইমার। ক্ষীপ্র শটে বল
জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। ৫২ মিনিটে পিএসজিকে এক গোল ফিরিয়ে
দেয় অ্যাঞ্জার্স। গোল করেন ইসমাইল ট্রাউরে। গোল হজম করে পিএসজি যেন আরো জেগে উঠে।
৫ মিনিট পর লক্ষ্যভেদ করে দলকে চতুর্থ গোলটি এনে দেন ইউলিয়ান ড্রাক্সলার। সেই
ব্যবধান ৭১ মিনিটে ৫-১ করেন ইদ্রিসা গুয়ে। ৮৪ মিনিটে অ্যাঞ্জার্সের কফিনে শেষ
পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে। ফলে ৬-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পিএসজি।
এ জয়ে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে পিএসজি।










