আগের দিন আর্জেন্টিনার নড়বড়ে শুরুর পর সবার দৃষ্টি ছিল ব্রাজিলের
দিকে। তবে বিশ্বকাপের বাছাই পর্বের শুরুতে চীর প্রতিদ্বন্দ্বীদের মতো নিরাশ করেনি
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু পেয়েছে
নেইমাররা।
সাও পাওলোতে ব্রাজিলের নান্দনিক ফুটবলের বিপরীতে বলভিয়া ছিল বেশ
নিষ্প্রভ। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবলের বার্তা দিয়ে শুরু করে
সেলেসাওরা। ৭০ শতাংশ বলের দখল এবং ২০ টি শটই বলে দিচ্ছে কতটা আক্রমণাত্মক ছিল
তিতের দল। আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের মাত্র ১৬ মিনিটে লিড নেয় স্বাগতিকরা।
দানিলোর অ্যাসিস্টে গোল করেন মাকুইনহোস। ৩০ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুন
করেন লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। জোড়া গোলের লিড নিয়েই বিরতিতে যায়
স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরেও গোলের জন্য মরিয়া ছিল ব্রাজিল। নেইমারের অ্যাসিস্টে
৪৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ফিরমিনো। এরপর দু দলই বেশ কয়েকটি
পরিবর্তন নিয়ে আসে। অবশ্য তাতেও আক্রমণের ধার কমেনি ব্রাজিলের। আত্মঘাতী গোলে
ব্রাজিল পায় চতুর্থ গোলটি। পরে ৭৩ মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন
ফিলিপ্পে কুতিনহো। তার এই গোলটিতেও সহায়তা করেন ম্যাচজুড়ে নৈপুণ্য দেখানো নেইমার।
গোল ডটকম










