টটেনহাম হটস্পার্স ছেড়ে বায়ার্ন মিউনিখে নাম লেখালেন ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেন। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তার চার বছরের চুক্তি হয়েছে।
কেনকে দলে টানতে বায়ার্নের খরচ ১০০ মিলিয়ন ইউরো। গতকালই আরবি লিপজিগের বিপক্ষে জার্মান সুপার কাপের ম্যাচে অভিষেক হওয়ার কথা তার।
চুক্তি সই হওয়ার পর কেন বলেন, ‘বায়ার্ন মিউনিখের অংশ হতে পেরে আমি আনন্দিত। বায়ার্ন বিশ্বের অন্যতম বৃহত্তম ক্লাব। আমি সব সময় বলেছি যে ক্যারিয়ারে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমি এবং নিজেকে প্রমাণ করতে চাই। এ ক্লাবটির জয়ের মানসিকতাই এর পরিচয় বলে দেয়। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
কেনকে নিয়ে বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেন, ‘সে আমাদের জন্য জুতসই এক খেলোয়াড় হবে, সেটা ফুটবল ও বৈশিষ্ট্য উভয় বিবেচনায়। বায়ার্নের প্রতিটি সাফল্যেই সেন্টার ফরওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা বিশ্বাস করি, হ্যারি কেনও আমাদের হয়ে সাফল্যের গল্প লিখবে। আমাদের সময়ে অন্যতম সেরা এক গোলস্কোরারের দিকে থাকবে আমাদের সমর্থকরা।’
৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে হ্যারি কেনই টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার। তবে স্পার্সদের শিরোপাখরায় তিনি এ ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নেন। চলতি মৌসুমে তো চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না দলটি।
চলতি গ্রীষ্মকালীন দলবদলের শুরুতে তাকে নিয়ে আগ্রহ দেখায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও পরবর্তী সময়ে বায়ার্ন তাকে কেনার রেসে নামে এবং তারাই জয়ী হচ্ছে। এর আগে গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকে বাভারিয়ানদের বেশ কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয় স্পার্সরা। তখন লন্ডনে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও দলবদল শেষ হওয়ার আগেই তাকে নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল।
২০১২ সালে টটেনহামের জার্সিতে অভিষেক কেনের। সেই থেকে তিনবার (২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুম) তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন।
প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচে কেন করেছেন ২১৩ গোল। অ্যালান শিয়েরারের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর ৪৮ গোল।
কিন্তু কেন জার্মানিতে নাম লেখালে শিয়েরারের রেকর্ডটা হয়তো আরো কিছুদিন অক্ষত থাকবে। তিনি ইংল্যান্ডেরও সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে করেছেন ৫৮ গোল। যদিও জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি এ কৃতী স্ট্রাইকার।










