ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে জায়গা পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বোর্ড থেকে তাকে দলে না নেওয়ার বিষয়ে তার কোমরের ইনজুরির কথা জানানো হয়েছে। তবে তামিম বুধবার ( ২৭ সেপ্টেম্বর)  বিকেলে এক ভিডিও বার্তায় বলেছেন, ফিজিওর রিপোর্টে তার খেলতে বাধা ছিল না। বরং বোর্ড থেকে তাকে নিচে ব্যাট করার প্রস্তাব দেয়া হয়েছিল।

ভিডিও বার্তায় বিসিবির পক্ষ থেকে নিচে খেলার প্রস্তাবও দেয়া হয় বলে জানান তামিম। তিনি বলেন ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না। আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না?’’ তখন বললো, ‘’আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’

‘তাদের প্রস্তাব শুনে আমি তো অবাক, জিজ্ঞেস করলাম এটা কোন ধরনের কথা। এরপর বলা হলো মিডল অর্ডারে ব্যাটিং করানোর কথা। অথচ আমি ১৭ বছর ধরে এক পজিশনে খেলে আসছি। আমি কখনো ৩, ৪ ,৫ পজিশনে ব্যাটিং করিনি। যুদ আগে করতাম তাহলে আমার সমস্যা ছিল না। আমার তখন মনে হয়েছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো এখন নতুন আরেকটা জিনিস বলি। এটা আমি অনুভব করেছি। 

তিনি বলেন, কথার এক পর্যায়ে আমি তাকে বলি আপনাদের যদি এমন পরিকল্পনা থাকে তাহলে আমাকে বিশ্বকাপে পাঠায়েন না। কারণ এসব নোংরামি, আমি কোনো নোংরামির মাঝে থাকতে চাই না।

ভিডিওর শেষে তামিম ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে বলেন, ‘আমাকে মনে রাইখেন, ভুলে যায়েন না।’