নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে রোববার রাতে ইউএস ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে টানা দ্বিতীয়ভারের মতো শিরোপা জিতলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। এ জয়ে চকচকে ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন ৫০ লাখ ডলারের (প্রায় ৬০ কোটি ৮৭ লাখ টাকা) আকর্ষণীয় একটি চেক। এটাই গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির রেকর্ড।

গত বছর যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেন শিরোপা জিতে বেলারুশিয়ান সুপারস্টার সাবালেঙ্কা পেয়েছিলেন ৩৬ লাখ ডলারের চেক। এবার ইউএস ওপেন আয়োজকরা প্রাইজমানি বাড়িয়েছেন। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এবার ৯ কোটি ডলার, গত আসরে যা ছিল ৭ কোটি ৫০ লাখ ডলার। এবার এককের চ্যাম্পিয়ন খেলোয়াড়ের প্রাইজমানিও তাই বড় অংক বেড়েছে। ছেলেদের এককের ফাইনালে ইয়ান্নিক সিনার ও কার্লোস আলকারাজের মধ্যে বিজয়ীও পাবেন সাবালেঙ্কার মতো সমান ৫০ লাখ ডলার।

রানারআপ হয়ে ২৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় অ্যানিসিমোভা।

এবার সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়রা প্রত্যেকে পেয়েছেন ১২ লাখ ৬০ হাজার ডলার প্রাইজমানি। টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেললেই মিলেছে ১ লাখ ১০ হাজার ডলার! এরপর শেষ ৬৪-তে ১ লাখ ৫৪ হাজার, শেষ ৩২-এ ২ লাখ ৩৭ হাজার ডলার প্রাইজমানি ছিল।

২৫ লাখ ডলার প্রাইজমানি জিতলেও প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছুঁয়ে দেখা হলো না আনিসিমোভার। ৫৭ দিনের মধ্যে দুটি সুযোগ হারালেন তিনি। জুলাইয়ে লন্ডনে উইম্বলডন ফাইনালে তিনি হেরেছেন ইগা সিয়ানতেকের কাছে এবার হারলেন হার্ড কোর্টে বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় সাবালেঙ্কার কাছে।

২৪ বছর বয়সী মার্কিন খেলোয়াড়টি হারের পর বলেন, ‘আমি আমার স্বপ্নপূরণের জন্য কঠিন লড়াই করতে পারিনি। মনে হয়, আরো শক্তভাবে লড়লে আমারও সুযোগ থাকত। ফাইনালে আমার অনেক স্নায়ুচাপ ছিল, যা নিয়ে আমি কাজ করছি। আশা করি, ভবিষ্যতে আরো আক্রমণাত্মক খেলব।’