বিশ্বকাপে আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। দাসুন শানাকা চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে সিংহলিজদের নেতৃত্ব দেবেন ব্যাটার ও উইকেটকিপার কুশল।

শ্রীলংকা দলে দুটি পরিবর্তন। শানাকার জায়গায় এসেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলার মাথিসা পাথিরানার জায়গায় এসেছেন লাহিরু কুমারা। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাঁচা-মরার ম্যাচে।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে টানা হেরেছে ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অজিরা। লক্ষ্ণৌতে আজ এই দুই হারা দলের লড়াই। দুই দলেরই লক্ষ্য প্রথম জয়।

অতীত রেকর্ড আর বর্তমান পরিস্থিতি বিচারে আজ এগিয়ে থেকেই মাঠে নামছে অস্ট্রেলিয়া। ১০২টি ওয়ানডে ম্যাচের মুখোমুখি লড়াইয়ে অজিরা ৬৩টি জয়ে এগিয়ে রয়েছে সুস্পষ্ট ব্যবধানে, আর লংকানরা জিতেছে ৩৫টি। যদিও গত বছর সর্বশেষ ওয়ানডে সিরিজটা ৩-২-এ জিতেছে শ্রীলংকা।

ওয়ানডে বিশ্বকাপেও ১১ বারের মুখোমুখিতে আধিপত্য করে এসেছে অজিরা। তারা আটটিতে জয়ের কৃতিত্ব দেখায়। অন্যদিকে, শ্রীলংকা জিতেছে দুটি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

শ্রীলংকা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিত ভেল্লালাগে, মহিশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা,

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নুস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।