ফ্রেঞ্চ ওপেনে নারী এককে প্রতি দুটি সেমিফাইনাল আজ বৃহস্পতিবার। চেক তারকা পেত্রা কেভিতোভার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন, আর আর্জেন্টিনার নাদিয়া পদোরস্কা খেলবেন পোল্যান্ডের ইগা সুইয়াটেকের বিপক্ষে। ছেলেদের দুটি সেমিফাইনাল আগামীকাল শুক্রবার।

বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন পদোরস্কা ও সুইয়াটেক। দুজনেরই এটি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ইতালির মার্টিনা ট্রেভিসানকে ৬-৩, ৬-১ গেমে হারান সুইয়াটেক। ওইদিন আর্জেন্টাইন খেলোয়াড় পদোরস্কা হারান ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে। উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ওঠেন পদোরস্কা।    

প্রথম সেমিফাইনাল শেষ হলে শুরু হবে দ্বিতীয় সেমিফাইনালে, যাতে মুখোমুখি হবেন দুই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কেভিতোভা ও কেনিন। বুধবার দুইবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন কেভিতোভা ৬-৩, ৬-৩ গেমে হারান জার্মানির লরা সিগমুন্ডকে। ২০১২ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে উঠলেন তিনি। ২০১৬ সালে চোরের ছুরিকাঘাতে জীবনই হুমকির মুখে পড়েছিল কেভিতোভার। হাতের চোট থেকে সুস্থ হয়ে কোর্টে ফেরার পর তাই প্রতিটি সাফল্যেই আবেগ ছুঁয়ে যায় ৩০ বছর বয়সী খেলোয়াড়কে।

বুধবার আরেক কোয়ার্টার ফাইনালে স্বদেশী ড্যানিয়েলে কলিন্সকে ৬-৪, ৪-৬, ৬-০ গেমে হারান বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন।

বুধবার ছেলেদের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে ৩-১ সেটে হারান শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ ও গ্রিসের স্তেফানোস সিসিপাস ৩-০ সেটে হারান রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে। আগের দিন সেমিফাইনালের টিকিট কাটেন ১২ বারের চ্যাম্পিয়ন স্পেনের রাফায়েল নাদাল ও আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যান। যুক্তরাষ্ট্রের তরুণ ইয়ান্নিক সিনারকে হারান নাদাল আর বর্তমান ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে হারান শোয়র্টজম্যান। 

সূত্র: বিবিসি ও ফ্রেঞ্চ ওপেন