চলতি বিশ্বকাপে খারাপ পারফর্ম করায় সেমিফাইনালে খেলা হচ্ছে না, সেসঙ্গে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশের। ১০ দলের এই বিশ্বকাপের শীর্ষ সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। আজ রোববার ভারত-ইংল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে ছিল বাংলাদেশ। ইংল্যান্ড ছিল ১০ নম্বরে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সংস্থাটির এক মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছেন, বিশ্বকাপের শীর্ষ সাত দল ও স্বাগতিক হিসেবে পাকিস্তান খেলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ বিষয়টি ২০২১ সালে আইসিসির বোর্ডসভায় অনুমোদন পায়। ওই সভায়ই ২০২৪-৩১ চক্রে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনা হয়। ১৯৯৮ সালে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ও শেষ আসর ২০১৭ সালে। এরপর আসরটি বন্ধ হয়ে গেলেও আবার ফিরিয়ে এনেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পাওয়ার নতুন এই নিয়ম নিয়ে বেশ কিছু ক্রিকেট বোর্ড বিস্ময় প্রকাশ করেছেন ইএসপিএনক্রিকইনফোর কাছে। এদের মধ্যে বিশ্বকাপ খেলছে এমন বোর্ড যেমন আছে, তেমনি না খেলা বোর্ডও আছে।    

এর মানে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট না পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো পূর্ণ সদস্য তিনটি দেশ পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ পাচ্ছে না।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই প্রক্রিয়া সম্প্রতি উঠে আসে বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসানের কথায়ও। নেদারল্যান্ডসের কাছে হারের পরও শীর্ষ আটে থাকা কিংবা পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমি সেমিফাইনালের কথা বলছি না। সেমিফাইনালের সম্ভাবনা নেই। অন্তত আরেকটু ভালো খেলা। ধরুণ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে আপনাকে সেরা আটের মধ্যে থাকতে হবে। কাজেই সেই জায়গা থেকে আরো তিনটি ম্যাচ বাকি আছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে চার বছর পরপর। তবে আগের মতোই চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ থাকবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।