নভেল করোনাভাইরাসের ছোবলে দলের শীর্ষ তারকাদের বাইরে রেখেই নতুন মৌসুমে মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু লঁসের বিপক্ষে প্যারিস জায়ান্টদের শুরুটা হলো হার দিয়ে। লঁসের বিপক্ষে পিএসজির হার ১-০ গোলের ব্যবধানে।
অতিথিদের মাঠে দলের সেরা তারকাদের না পাওয়াটা ছিল পিএসজির জন্য বড় ধাক্কা। বিশেষ করে দলের তিন সেরা তারকা নেইমার, এমবাপ্পে ও ডি মারিয়া ছিটকে গেছেন কভিড-১৯ এ আক্রান্ত হয়ে। তবে তাদের ছাড়াও পিএসজি ছিল দাপুটে। ৭৯ শতাংশ বলের দখল রেখে মাঝ মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল তারাই। কিন্তু নেইমার-এমবাপ্পেদের ছাড়া পিএসজির আক্রমণভাগ যেন পথ হারিয়ে ফেলেছিল। কাছাকাছি গেলেও জাল রয়ে গেছে তাই অধরা।
অন্যদিকে লঁস ম্যাচ জুড়ে ছিল সুযোগের অপেক্ষায়। সেই সুযোগই তারা কাজে লাগায় ম্যাচের ৫৭ মিনিটে। দলটির হয়ে গোল করেন ইগনাটিউস গানাগো। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও সে গোল শোধ করতে পারেনি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
সূত্র: বিবিসি










