দুজন একই সময়ে ফুটবলে রাজত্ব করেছেন। দুজনের মধ্যে তাই রোমাঞ্চকর এক লড়াই জমে ওঠে, যা তাদের ক্যারিয়ারের সায়াহ্নে এসেও এখনো কোনো না কোনোভাবে চলমান। ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনই অপেক্ষাকৃত দুর্বল লিগে খেলেন। সোনালি সময়ের সেই প্রতিদ্বন্দ্বিতা দুজনের মধ্যে এখন নেই। তবে গোলের মাইলফলকে নাম লেখানোর ভিন্ন এক লড়াই এখনো টিকে আছে দুই সুপারস্টারের।
একটি প্রশ্ন বারবার উঠে আসে, তাদের মধ্যে কে সেরা। এ প্রশ্নের উত্তর পাওয়া অবশ্য কঠিন। তবে দুজনের কে কতটি গোল করেছেন, কতটি অ্যাসিস্ট করেছেন কিংবা কতটি পুরস্কার জিতেছেন; সেই পরিসংখ্যান থেকে সমর্থকরা একটা ধারণা করে নিতে পারেন।
মেসি রয়েছেন ক্যারিয়ারের ৯০০তম গোলের খুব কাছাকাছি। আর একটি গোল করলেই মাইলফলকে পৌঁছে যাবেন ৩৮ বছর বয়সী ফুটবলার। আর ৪১ বছর বয়সী রোনালদো ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। ২৮ ফেব্রুয়ারি সৌদি লিগে আল নাসেরের হয়ে হাইফার বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। এখন মাঠে ফিরতে উদগ্রীব। তার এ মাঠে ফেরার প্রতীক্ষার মধ্যেই লুকিয়ে আছে একটি আকাঙ্ক্ষা—ক্যারিয়ারের হাজারতম গোল। এখন পর্যন্ত ৯৬৫ গোল করে সেই আকাঙ্ক্ষা ও স্বপ্নকে তিনি বাঁচিয়ে রেখেছেন।
গত ৮ মার্চ মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের ৮৯৯তম গোল করেন মেসি। গত ১২ মার্চ ন্যাশভিলের বিপক্ষে গোল পাননি তিনি। তবে সুযোগ আছে আজ। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে শার্লটের বিপক্ষে ম্যাচ। আজ ঘুম থেকে উঠেই সমর্থকরা হয়তো জেনে যাবেন—৯০০তম গোল করেছেন মেসি।
২০২৩ সালের জুনে যোগ দেয়ার পর ইন্টার মায়ামির জার্সিতে ৮০ গোল করেছেন মেসি। এর বাইরে তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ৩২ গোল ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে ৯০০ গোলের মাইলফলক টপকে যান ক্রিস্টিয়ানো রোনালদো। যিনি ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে এখন খেলেন সৌদি আরবের আল নাসের ক্লাবে। ১১৪১ ম্যাচ খেলে মেসি করেছেন ৮৯৯ গোল, আর রোনালদো ১৩১২ ম্যাচে করেছেন ৯৬৫ গোল। মেসির অ্যাসিস্ট ৪০৭টি আর রোনালদোর ২৬১টি।
ক্যারিয়ারের সেরা সময়ে দুজনই ম্যাচপ্রতি এক গোলের বেশি করেছেন, যা দুজনকে করে তুলেছে অনন্য এক স্কোরার। রোনালদো রিয়াল মাদ্রিদে ছিলেন ৯ বছর, ওই সময় মেসি খেলেন বার্সেলোনায়। ওই ৯ বছরে সব ধরনের টুর্নামেন্টে প্রতি ৮৫ মিনিটে এক গোল করেছেন উভয় খেলোয়াড়! অবিশ্বাস্য এ পারফরম্যান্সে তারা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, পিচিচি, ইউরোপিয়ান গোল্ডেন সু, ব্যালন ডি’অরসহ সম্ভাব্য সব পুরস্কার নিজেদের শোকেসে জমা করেছেন। এ বছর রোনালদো তো পরের বছর তা ছিল মেসির। প্রায় এক দশক সবগুলো পুরস্কার ভাগাভাগি করেন মেসি ও রোনালদো।
গোটা ক্যারিয়ারে প্রতি ম্যাচে গড়ে ০.৭৯ গোল করে মেসি এগিয়ে রয়েছেন। এখানে প্রতি ম্যাচে রোনালদোর গোল ০.৭৪। মিনিটে তুলনা করলে মেসি প্রতি ১০৪ মিনিটে ও রোনালদো প্রতি ১১১ মিনিটে একটি করে গোল করেছেন।
অবশ্য মেসির চেয়ে ক্যারিয়ার গোল রোনালদোর বেশি। মেসির ৮৯৯ গোলের তুলনায় রোনালদো ৯৬৫ গোল করে অনেক এগিয়ে রয়েছেন। যদিও মেসির চেয়ে ১৭১ ম্যাচ বেশি খেলেছেন রোনালদো।
মেসি স্ট্রাইকারের পাশাপাশি একজন কৃতী প্লেমেকারও। ফলে তিনি নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাতে পারঙ্গম। ক্যারিয়ারজুড়ে তিনি ১১৪১ ম্যাচে ৪০৭ গোলে অ্যাসিস্ট করেছেন, অথচ রোনালদো ১৩১২ ম্যাচে ২৬১ গোলে অ্যাসিস্ট করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসির (৪০) চেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে রোনালদোর (৪১)। তিনি অবশ্য মেসির চেয়ে ২০ ম্যাচ বেশি খেলেছেন।
পাস দেয়ায় এগিয়ে মেসি। তিনি ২০৪০টি মূল্যবান পাস দিয়েছেন, যেখানে রোনালদো দিয়েছেন ১২৯৯টি পাস। ৫৩৭টি থ্রু পাস সফলভাবে দিয়ে এগিয়ে রয়েছেন মেসি, যেখানে রোনালদো দিয়েছেন ৮৯টি।
দুজন মিলে হ্যাটট্রিকই করেছেন ১২৬টি। এর মধ্যে রোনালদো ৬৬টি আর মেসি ৬০টি হ্যাটট্রিক করেছেন। প্রতি ১৯ ম্যাচে একটি হ্যাটট্রিক করেছেন মেসি, যা রোনালদোর বেলায় ১৯.৯ ম্যাচ। ঘরোয়া লিগে মেসির হ্যাটট্রিক ৩৮টি, রোনালদোর ৪৫টি। চ্যাম্পিয়ন্স লিগে মেসির হ্যাটট্রিক ৮টি, রোনালদোর ৮টি। ক্যারিয়ারের সেরা সময়ে প্রায় নিয়মিতই হ্যাটট্রিক করতেন এ দুই খেলোয়াড়। মেসি তো অন্তত আটবার ম্যাচে তিন কিংবা ততোধিক গোল করেছেন। চার গোল করেছেন ছয়বার, পাঁচ গোল করেছেন দুবার।
দুজন মিলে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ১৩ বার! এর মধ্যে মেসি জিতেছেন ৮ বার, রোনালদো ৫ বার। তাদের সেরা সময়ে এ দুজনের বাইরে অন্য কেউ ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখতেও যেন ভয় পেতেন। এটা বলাই বাহুল্য যে তাদের একজন ফুটবলে না থাকলেই অন্যজন কিন্তু অনায়াসেই ১০টি ব্যালন ডি’অর জিতে নিতেন!
এর বাইরে উয়েফার শীর্ষ পুরস্কার রোনালদো জিতেছেন চারবার, মেসি তিনবার। মেসি লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন মোট আটবার (এর মধ্যে ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন ছয়বার) এবং রোনালদো লিগের শীর্ষ গোলদাতা হয়েছেন পাঁচবার (লা লিগায় তিনবার এবং প্রিমিয়ার লিগ ও সিরি-এ লিগে একবার করে)।










