আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে লড়বে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৫ অক্টোবর আহমেদাবাদের এ দ্বৈরথে অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। হাঁটুতে অস্ত্রোপচার করানো এ ব্যাটার এখন সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন।
হাঁটুতে অস্ত্রোপচার করানোয় হায়দরাবাদে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে ফিল্ডিং না করে শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলেন উইলিয়ামসন। সোমবার কেরালার থিরুভানান্তাপুরামেও তিনি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলবেন।
উইলিয়ামসনের বর্তমান অবস্থা নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘শুরু থেকেই আমরা কেনের ফেরার বিষয়টির ওপর নজর রাখছিলাম। সে দ্রুতই সেরে উঠছে। এখন আমরা নিশ্চিত হতে চাই, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও চাপের সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারে কিনা। আমরা তার সেরে ওঠার ওপর নজর রাখছি এবং সে তৈরি হওয়ার আগে আমরা তার ওপর বাড়তি চাপ তৈরি করতে চাই না।’
২০২৩ সালের আইপিএলে প্রথম ম্যাচেই এসিএল চোটে পড়েন উইলিয়ামসন। নিউজিল্যান্ড দল ইংল্যান্ড সফর করার সময়ই তিনি রিহাব শুরু করেন এবং বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ খেলার আশা পোষণ করেন।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। গতকাল ওয়ার্মআপ ম্যাচেও ল্যাথামের নেতৃত্বে খেলেন কিউইরা। পরের ওয়ার্মআপ ম্যাচেও ল্যাথামই থাকবেন অধিনায়ক। ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে ফিরতে পারেন কৃতী ব্যাটসম্যান উইলিয়ামসন।










