বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়েই আজ শুরু হচ্ছে সুপার ফোরের লড়াই। এ ম্যাচে বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাকিব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
টস শেষে সাকিব আল হাসান বলেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে তাদের চাপে ফেলতে পারবো। আফগানিস্তানের বিপক্ষে করা পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই। কিন্তু আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি, তাই আমাদের সেরা খেলতে হবে। তাদের শক্তি জানি, দুর্বলতাও। সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে এবং আমরা প্রস্তুত। লিটন শান্তর জায়গায়।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়কও টসে জিতলে ব্যাট করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ব্যাট করতাম। তবে খেলার শুরুতে পিচে পেস বোলাররা কিছু সহযোগিতা পাবে। আমরা তা কাজে লাগাতে চাই।’
গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন লিটন দাস।
অন্যদিকে, একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের একাদশেও আছে এক পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নেওয়াজ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।










