২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের
বিপক্ষের ম্যাচে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে মাঠ থেকে ছিটকে পড়লেন নেইমার জুনিয়র। ফের অস্ত্রোপচারের
টেবিলে যেতে হচ্ছে তাকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ব্রাজিলিয়ান
ফুটবল সুপারস্টার।
পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন
(সিবিএফ) ও নেইমারের ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
নেইমার লেখেন, এটি খুব দুঃখের মুহূর্ত।
সবচেয়ে খারাপ মুহূর্ত। আামি কতটা শক্তিশালী তা জানি। কিন্তু এবার পরিবার ও বন্ধুদের
অনেক প্রয়োজন হবে। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। একবার কল্পনা
করুন, সেরে উঠতে চার মাস সময় লাগার পর আবার একই ঘটনার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
আরো বলেন, সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে
দিচ্ছি আমি। তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে ও সুস্থতা কামনায়
বার্তা পাঠানোয় ধন্যবাদ।
নেইমারের পোস্ট শেয়ার করে দ্রুত সুস্থতা
কামনা করেছে সৌদি ক্লাব আল হিলাল।
খেলা বিষয়ক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা
এক প্রতিবেদনে বলেছে, নেইমারের এবারের চোট এতটাই ভয়ংকর যে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি
সেরে উঠতে ৭-৮ মাস সময় লাগবে। এমন হলে আগামী বছর কোপা আমেরিকায় তার খেলার সম্ভাবনা
কম।
কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হবে
আগামী ২০ জুন। এখন থেকে ঠিক আট মাস পর।
গত ১৮ অক্টোবর উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর
এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের ৪৪ মিনিটে বল দখলের লড়াইয়ে উরুগুইয়ান মিডফিল্ডার নিকোলাস
দে লা ক্রুজের ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। প্রথমে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে চোটের ভয়াবহতা বুঝতে পেরে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। স্ট্রেচারে করে মাঠ ছাড়ার
সময় কাঁদছিলেন নেইমার।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নেইমারের
অস্ত্রোপচার লাগবে। তবে দিন-তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ব্রাজিল জাতীয় দল ও আল হিলালের
চিকিৎসা বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছে।










