তুমুল আলোচনা-সমালোচনার পর অবশেষে পদত্যাগ
করেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। নারী বিশ্বকাপ
ফাইনালে জিতিয়ে দেয়া ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের তোপে পড়েন তিনি।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গতকাল
রোববার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন রুবিয়ালেস।
অবশ্য কিছুদিন ধরে নিস্ক্রিয়ই ছিলেন
আরএফইএফ সভাপতি। গত মাসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে ফুটবলের
সব ধরনের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা দেয়।
রুবিয়ালেস বিবৃতিতে বলেন, তার অবস্থান
এখন অস্থিতিশীল হয়ে উঠেছে। তাই আরএফইএফের অন্তর্বর্তী প্রেসিডেন্ট পেদ্রো রোচাকে পদত্যাগপত্র
পাঠিয়েছেন।
জেনি হারমোসো অভিযোগ করেছিলেন, সম্মতি
ছাড়াই তাকে তাকে চুমু দেন রুবিয়ালেস। যদিও শুরুতে বিষয়টি অভিযোগ পর্যায়ে নিয়ে যাননি
স্পেনের বিশ্বকাপ জয়ের এ কারিগর।
রুবিয়ালেসের এ কাণ্ডে সামাজিকভাবে ক্ষোভের
সৃষ্টি হয়েছে। ওই ঘটনার পর দেশটির ৮১ জন নারী খেলোয়াড় জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা
দেন। পদত্যাগ করেন ১১ কোচিং স্টাফ। সবারই দাবি ছিল রুবিয়ালেসের পদত্যাগ। এছাড়া বিষয়টি
নিয়ে বরাবরই নিরপেক্ষ ভূমিকায় থাকা স্পেন নারী দলের প্রধান কোচ হোর্হে ভিলদাকে সরিয়ে
দেয়া হয়েছে সম্প্রতি। গত ৮ সেপ্টেম্বর স্প্যানিশ প্রসিকিউটর বিষয়টিকে ‘যৌন হয়রানি’
উল্লেখ করে রুবিয়ালেসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগও দায়ের করেছেন।
অবশ্য পুরোনো দাবিতে এখনো অনড় রয়েছেন
রুবিয়ালেস। তিনি বলছেন, হারমোসোর সম্মতির পরই চুমু দেন।










