ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন ব্রাজিল কিংবদন্তি। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে হোটেল রেডিসনে পৌঁছান তিনি। রোনালদিনহোর আগমন উপলক্ষে ব্যানার, বোর্ড দিয়ে সুসজ্জিত করা হয়েছে রেডিসন। 

রেডিসনে বিশ্রাম নিয়ে তিনি সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গণভবনের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রাজিল কিংবদন্তির। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। গুঞ্জন রয়েছে, ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন রোনালদিনহোর সঙ্গে।

২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্ট্রাইকার রোনালদিনহো ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে রোনালদিনহো আসছেন। ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আপন খান জানিয়েছেন, রাতে হোটেল রেডিসনে একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন রোনালদিনহো।’ সেখানে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল। এছাড়াও প্রায় ১০০ অতিথি থাকবেন এবং রোনালদিনহোর সঙ্গে ডিনার করবেন।