টি২০
সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। আজ চট্টগ্রামের জহুর
আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি
বাংলাদেশ জিতলেই সিরিজ হয়ে পড়বে ৩-০। ম্যাচটি
শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
সিরিজের সব ম্যাচই হচ্ছে চট্টগ্রামে। সেখানে সিরিজের প্রথম ম্যাচটি ৫ উইকেটে জেতে বাংলাদেশ। ওই ম্যাচে জয়ের নায়ক স্পিনার নাহিদা আক্তার। তিনি শিকার করেন ৫ উইকেট। এরপর শুক্রবার দ্বিতীয় ম্যাচে দলগত নৈপুণ্যে জয় তুলে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ১২০ রানের জবাবে অতিথি দলটি ১০০ রান করতে সমর্থ হয়। ম্যাচসেরা হন স্বর্ণা আক্তার।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলে নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে পঞ্চমবারে এসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল টাইগ্রেসরা। সব মিলিয়ে এ সংস্করণে বাংলাদেশের মেয়েদের তৃতীয় সিরিজ জয় এটি। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ড ও পরের বছর থাইল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলায় দুই দলের জন্যই আজকের ম্যাচটি রূপ নিয়েছে শুধুই আনুষ্ঠানিকতায়। যদিও হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে বলে বাংলাদেশ ম্যাচটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে।
এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর।










