চলতি
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ও ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় রানের
সংগ্রহ গড়ল ভারত। আজ ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের
বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪১০ রানের সৌধ গড়ে ভারত।
শ্রেয়াস
আইয়ার (৯৪ বলে ১২৮*) ও লোকেশ রাহুলের (৬৪ বলে ১০২) জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত
৫০ ওভারশেষে ভারতের বোর্ডে জমা পড়ে ৪১০ রান। এর আগে রোহিত শর্মা ৫৪ বলে ৬১, শুভমান
গিল ৩২ বলে ৫১ ও বিরাট কোহলি ৫৬ বলে ৫১ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পরে
শ্রেয়াস ও লোকেশের ১২৮ বলে ২০৮ রানের বিস্ফোরক পার্টনারশিপে ভারতের সংগ্রহটা চারশ
ছাড়িয়ে যায়। এ পথে ভারতের হয়ে দ্রুততম (৬২ বলে) সেঞ্চুরির রেকর্ড গড়েন লোকেশ। চলতি
বিশ্বকাপেই আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন রোহিত।
চলতি
বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহটা দক্ষিণ আফ্রিকার গড়া। ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলংকার
বিপক্ষে ৫ উইকেটে ৪২৮ রান তুলেছিল প্রোটিয়ারা। এটা বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ
দলীয় সংগ্রহ। আজ চলতি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ল স্বাগতিকরা।
চলতি
আসরে একমাত্র অপরাজিত দল ভারত। স্বাগতিকরা এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবগুলোতে
জিতেছে। এছাড়া সেমিফাইনালের বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের
প্রত্যেকেই কমপক্ষে দুটি ম্যাচ হেরেছে। রাউন্ড রবিন লিগে অপরাজিত থেকেই
সেমিফাইনালের প্রস্তুতি সারতে চায় ভারত। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
এদিকে,
ডাচরা দুই জয় নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। তারা আজ হারলেই চ্যাম্পিয়ন্স
ট্রফির টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের।
চলতি
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা ও চার মারার রেকর্ড গড়লেন ভারতের দলনায়ক রোহিত। আজ ৫৪
বলে ৬১ রান করে আউট হয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার
মার ছিল। আজই তিনি চার-ছক্কায় টপকে যান যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে।
রোহিত
শর্মা ৫৮টি চার মেরে এগিয়ে আছেন ডি ককের (৫৭) চেয়ে, আর ২৪টি ছক্কা মেরে এগিয়ে আছেন
ম্যাক্সওয়েলের (২২) চেয়ে। এছাড়া ডি কক ২১টি, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ২০টি
করে ছক্কা মেরেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি ছক্কা মারার কৃতিত্ব দেখিয়েছেন
মাহমুদউল্লাহ, যিনি চলতি আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন।
চলতি
আসরে আর তিনটি ছক্কা মারলেই ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দেবেন
রোহিত। তার মোট ছক্কা ৪৭টি।। গেইল ৪৯ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে। এছাড়া
ম্যাক্সওয়েল ৪৫টি নিয়ে তিনে অবস্থান করছেন।
বিশ্বকাপে
আরো বেশ কিছু রেকর্ডের মালিক রোহিত শর্মা। তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি
সেঞ্চুরির মালিক (৭টি)। এছাড়া এক আসরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান
তিনি ২০১৯ সালে।










