বলদখল, আক্রমণ ও সুযোগ তৈরি সবদিক থেকেই প্রতিপক্ষ রিয়াল ভ্যালাদালিদের চেয়ে বেশ এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু একাধিক সুযোগ তৈরি করেও সেসব কাজে লাগাতে ব্যর্থ হয়েছে দলের ফরোয়ার্ডরা। ফলে লা লিগায় নিজেদের মাঠে এক গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ‘লস ব্লাঙ্কোস’দের।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল রিয়াল। ৬৩ শতাংশ বলের দখল রেখে প্রতিপক্ষকে বেশ চাপেও রাখে জিনেদিন জিদানের শিষ্যরা। কিন্তু গোল মিসের মহড়ায় বারবার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। প্রথমার্ধে তাই পাওয়া হয়নি কোন গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন নিয়ে হাজির হয় রিয়াল। যেখানে লুকা জভিচের পরিবর্তে তারা মাঠে নামায় ভিনিসিয়াস জুনিয়রকে। আর এই পরিবর্তনেই গোলের পথ তৈরি করে দেয় রিয়ালকে। ৬৫ মিনিটে ভিনিসিয়াসের গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল। অবশ্য প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলেই বল পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে পার্থক্য গড়ে দেয় এই গোলটিই।
এ জয়ে তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে রিয়াল পয়েন্ট এখন ৭। তবে গেটাফে ও ভ্যালেন্সিয়ার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় থাকতে হচ্ছে টেবিলের ৩ নম্বরে।
মার্কা










