আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ শনিবার  পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক ভারত। এই মহারণে ভারতের একাদশে ফিরেছেন তারকা ব্যাটার শুভমান গিল। তিনি ফেরায় সাইডবেঞ্চে চলে যাচ্ছেন ইশান কিশান। পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হকের উইকেট হারিয়েছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ছিল ১৪ ওভারশেষে ৭৫/২। বাবর আজম ১৬ ও মোহাম্মদ রিজওয়ান ২ রানে ব্যাট করছিলেন।  

দুই চিরবৈরি দেশ ১৬ বছর টেস্ট সিরিজ ও ১০ বছর ওয়ানডে কিংবা টি২০ সিরিজে মুখোমুখি হয়নি। ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ পাকিস্তান সফর করেছে ২০০৬ সালে। প্রায় এক দশক হয়ে গেল দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজেও মুখোমুখি হয়নি। এরপরও বৈশ্বিক আসরে ভারত-পাকিস্তান দ্বৈরথের আবেদন এতটুকু কমেনি, যার প্রমাণ আহমেদাবাদের লড়াই নিয়ে সাজসাজ রব। ১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শকের সমাগম ঘটেছে আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

ওয়ানডে ফরম্যাটে এগিয়ে পাকিস্তান। তারা ৭৩ জয়ের বিপরীতে হেরেছে ৫৬ ম্যাচে। যদিও ওয়ানডে বিশ্বকাপে সাতবারের মোকাবেলায় পাকিস্তানের কাছে কখনই হারেনি ভারত।

 

বিশ্বকাপে এই দ্বৈরথের সূচনা ১৯৯২ সালে। সেবার পাকিস্তান বিশ্বকাপ জিতলেও সিডনিতে গ্রুপ ম্যাচে ভারতের কাছে হেরেছে ৪৩ রানে। এই ধারা পরে চলতেই থাকে। বিশ্বকাপে পরের সব ম্যাচেই হেরে যায় পাকিস্তান। ১৯৯৬ সালে ৩৯ রানে, ১৯৯৯ সালে ৪৭ রানে, ২০০৩ সালে ৬ উইকেটে, ২০১১ সালে ২৯ রানে, ২০১৫ সালে ৭৬ রানে ও ২০১৯ সালে ডিএলএস মেথডে ৮৯ রানের জয় পায় ভারত। আজও কি স্বাগতিকরা হাসবে, নাকি বাবর আজমের দল হারের বৃত্ত ভাঙবে?

 

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

 

পাকিস্তান একাদশ

ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।