হাই স্কোরিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ চেন্নাইয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান ২০ বল বাকি থাকতে ২৭০ রানে গুটিয়ে গেছে। শীর্ষ তারকারা বড় ইনিংস খেলতে না পারায় ধুঁকছিল সাবেক চ্যাম্পিয়নরা। বাবর আজম ও সৌদ শাকিলের ফিফটি ও শাদাব খানের ৪৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২৭০ রানের পুঁজি পায় দলটি। ২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা ৩.৩ ওভারে ১ উইকেট না হারিয়ে তুলেছে ৩৪ রান। ১৪ বলে ২৪ রান করে ফিরে গেছেন কুইন্টন ডি কক।

পাঁচ ম্যাচের তিনটিতে হেরে যাওয়া পাকিস্তানকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, আজ জিতলে প্রোটিয়ারা উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন সমীকরণ সামনে রেখে মুখোমুখি হওয়া ম্যাচে ৮৬ রানের মধ্যে আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর আজম ৬৫ বলে ৫০, সৌদ শাকিল ৫২ বলে ৫২ ও শাদাবের ৩৬ বলে ৪৩ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় তারা।

প্রোটিয়াদের হয়ে বামহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি ৬০ রান চারটি, পেসম্যান মার্কো ইয়ানসেন ৪৩ রানে তিনটি ও জেরাল্ড কোয়েৎজি ৪২ রানে দুটি উইকেট নেন। চলতি বিশ্বকাপে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে দুজনই দক্ষিণ আফ্রিকার। মার্কো ইয়ানসেন ৬ ইনিংসে ১৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন। অর কোয়েৎজি ৫ ইনিংসে ১২ উইকেট শিকার করে আছেন তালিকার চারে।

বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান দলে আজ দুটি পরিবর্তন। পেস বোলার হাসান আলী অসুস্থ, তার জায়গা নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। আর স্পিনার উসামা মির বাদ পড়েছেন, তার জায়গায় এসেছেন মোহাম্মদ নওয়াজ।

এদিকে, অসুস্থতা কাটিয়ে উঠে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন অধিনায়ক তেম্বা বাভুমা। তার সঙ্গে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি। চোট সমস্যায় আজ একাদশে নেই পেস বোলার কাগিসো রাবাদা।