মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত শনিবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের সৌধ গড়ে ২২৯ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। সেই একই মাঠে বিস্ফোরক ব্যাটিং লাইনআপ নিয়ে গড়া প্রোটিয়া দলের মুখোমুখি আজ বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান। যদিও প্রোটিয়ারা টানা দ্বিতীয় ম্যাচে পাবে না অধিনায়ক তেম্বা বাভুমাকে। তার পরিবর্তে আজও দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম।

 

অবিশ্বাস্য ফর্ম নিয়ে বিশ্বকাপ মিশনে নামা প্রোটিয়ারা প্রথম দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেয়। যদিও তৃতীয় ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হয়। এই ডাচদের কাছে তারা গত বছর টি২০ বিশ্বকাপেও হেরেছে। যাইহোক, ধ্বংসস্তুপ থেকে পরের ম্যাচেই জেগে ওঠে প্রোটিয়ারা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বোলিং আক্রমণভাগকে পুরোপুরি বিধ্বস্ত করে তারা তুলে নেয় ৩৯৯ রান। পরে বোলিংয়েও কর্তৃত্ব করে তারা ২৯৯ রানের বিশাল পায়।

 

দুর্বার গতিতে ছুটে চলা এই দলটির মুখোমুখি এবার বাংলাদেশ, যারা চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে। জয় এসেছে শুধু আফিগানিস্তানের বিপক্ষে। এরপর টানা হার ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরের কোনো ম্যাচই হারা চলবে না টাইগারদের। এই সমীকরণ সামনে রেখেই তারা দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে।

 

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের নিট রানরেট (২.২১২) এতই ভালো যে আজ জিতলেই নিউজিল্যান্ডকে (৮ পয়েন্ট, নিট রানরেট ১.৪৮১) টপকে উঠে যাবে দুই নম্বরে। টানা পাঁচ জয়ে শীর্ষে থাকা ভারতকে (১০ পয়েন্ট) ছোঁয়া এ মুহূর্তে অসম্ভব। বাংলাদেশ ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।

 

ওয়ানডেতে ২৪ বারের মুখোমুখিতে প্রোটিয়ারা ১৮টি ও বাংলাদেশ ৬টি জিতেছে। তবে মুখোমুখি সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপে লড়াইটা সমানে সমান (২-২)। এই পরিসংখ্যানই আজ বাংলাদেশকে আশাবাদী করে তুলছে।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, কাগিরো রাবাদা, লিজাড উইলিয়ামস।