ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন তানজিদ তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। তবে সাজঘরে ফিরলেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

টপ অর্ডারের বাকি দুই ব্যাটার লিটন শান্ত ব্যর্থ হলেও দলকে কক্ষপথেই রেখেছিলেন এই ওপেনার। তবে ১৬তম ওভারে তাকে আটকে দিলেন মার্ক উড। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে ডেকে এনে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৪৫ রান।

এর আগে গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটে আরেকবার ব্যর্থ হলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তবে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পর মুহূর্তেই। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৬ বলে ৫ রান।এরপর তিনে ব্যাট করতে নেমে টিকতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। টপলির বলে থার্ডম্যানে গাস অ্যাটকিনসনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তার আগে করতে পেরেছেন ১১ বলে মোটে ২ রান।


বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।