ব্যাটিং বিপর্যয়ের মধ্য
দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হলো বাংলাদেশের। আজ শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে
১৬৪ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। নাজমুল হোসেন শান্তর (১২২ বলে ৮৯) নিঃসঙ্গ
লড়াইয়ের পরও দুশর কাছাকাছি যেতে পারেনি টাইগাররা।
এই ম্যাচে অভিষেক ঘটেছে
তানজিদ হাসান তামিমের। যদিও অভিষেক রাঙানো হলো না তার। মাত্র দুই বল মোকাবেলা করে শূন্য
রানে সাজঘরে ফিরেছেন তিনি। বিপর্যয়েরও সেই শুরু।
এরপর দলীয় ৯৫ রানের মধ্যে
আউট হয়েছেন নাঈম শেখ (১৬), সাকিব আল হাসান (৫) ও তৌহিদ হৃদয় (২০)। শান্ত ও হৃদয় ৮০
বলে ৫৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এরপর দলকে টানছিলেন শান্ত ও মুশফিক। ইন-ফর্ম শান্ত
চাপের মধ্যে ব্যাটিং করে ৬৬ বলে ফিফটি পূর্ণ করেন। এরপরও নিয়মিত ব্যবধানে উইকেট পড়ছিল,
আর শান্ত দলকে টানছিলেন। একটি সময় মহিশ থিকসানা বলে হার মানতে হয় তাকে।বোল্ড হন এই
বামহাতি ব্যাটার। আউট হওয়ার আগে বুক চিতিয়ে লড়াই করে ১২২ বলে খেলেন ৮৯ রানের ইনিংস।
অভিষেক ম্যাচে শূন্য রানে
আউট হয়েছেন ২২ বছর বয়সী বামহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম। রহস্যময় স্পিনার মহিশ
থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
এরপর ২৩ বলে ১৬ রান করে
আউট হয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ধনঞ্জয়া ডি সিলভার বলে পয়েন্ট অঞ্চলে পাথুম
নিশাঙ্কাকে ক্যাচ দেন তিনি। একাদশতম ওভারে অধিনায়ক সাকিব আল হাসানকে ফিরিয়েছেন পেস
বোলার মাথিসা পাথিরানা। তার অফস্ট্যাম্পের বাইরে পড়া শর্ট বলে সাকিব ব্যাট ছোঁয়ালে
বল চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে। ইনফর্ম তৌহিদ হৃদয় লেগ বিফোরের ফাঁদে পড়েন
লংকান দলনায়ক দাসুন শানাকার বলে।
৩৩তম ওভারে পাথিরানার
বলে আউট হন মুশফিক। তার শর্ট বলে ছক্কা মারতে গিয়ে থার্ড ম্যানে করুনারত্নেকে ক্যাচ
দেন তিনি। আউট হওয়ার আগে শান্তকে নিয়ে ৫৩ বলে ৩২ রানের জুটি গড়েন মুশফিক।
মেহেদী হাসান মিরাজ (৫),
শেখ মেহেদী হাসানের (৬) কেউই শান্তকে যোগ সঙ্গ দিতে পারেননি। ফলে একটি পর্যায়ে চাপের
মুখে তিনিও সাজঘরে ফিরে যান লড়াই অসমাপ্ত রেখে (১৬২/৮)। পরের ওভারে দ্রুতই বাকি দুই
উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ (১৬৪/১০)। শেষ ১১ বলের মধ্যে শেষ ৪ উইকেটের পতন
ঘটেছে বাংলাদেশের।
শ্রীলংকার পেসার মাথিসা
পাথিরানা ৩২ রানে চারটি উইকেট নেন। অফস্পিনার থিকসানা নেন দুটি উইকেট।










