হাসপাতালে ভর্তি হয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ‘আলোচিত’ সভাপতি লুইস রুবিয়ালেসের মা অ্যাঞ্জেলেস বেজার। ছেলের বিরুদ্ধে হওয়া ‘অন্যায়ের’ প্রতিবাদে গত ২৮ আগস্ট থেকে অনশন করছিলেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। খবর সিএনএন।

মালাগার মত্রিলের কাপুচিনোস এলাকার দিভাইন পাস্তোরা দে মত্রিল গির্জায় অনশন শুরু করেছিলেন অ্যাঞ্জেলস।

গির্জার পাদ্রি আন্তোনিও জানান, গতকাল বুধবার (৩০ আগস্ট) রাতে অ্যাঞ্জেলেস বেজারকে হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষুধা, অতিক্রম গরম মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। অ্যাঞ্জেলসের পা ফুলে গিয়েছিল বলেও জানান আন্তোনিও।

তিনি বলেন, অ্যাঞ্জেলস বেজার হাসপাতালে যাওয়ার আগে রুবিয়ালেসের সঙ্গে কথা বলেছেন। পারিবারিক সিদ্ধান্তেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। 

নারী বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে পুরস্কারের মঞ্চে মিডফিল্ডার জেনি হেরমোসোকে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। এ ঘটনায় থেকেই শুরু সমালোচনার ঝড়।

রুবিয়ালেস ক্ষমা চাইলেও থামেনি সমালোচনা। স্পেনের হয়ে খেলবেন না- এমন ঘোষণাও দেন নারী খোলোয়াড়রা। কোচিং স্টাফদের সবাই পদত্যাগ করেন। রুবিয়ালেস পদত্যাগে অস্বীকৃতি জানালেও ফিফা তাকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে।

সাময়িক এ বরখাস্তের প্রতিবাদে রুবিয়ালেসের মা মত্রিল গির্জায় নিজেকে আটকে রেখে অনশন শুরু করেন। বলেছিলেন, যতদিন রুবিয়ালেসের সঙ্গে অন্যায় চলবে ততদিন অনশন করবেন।