বিশ্বকাপের প্রথম উইকেট শিকার করলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। আউট করলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে। ইনিংসের অষ্টম ওভারের ৪র্থ বলে ম্যাট হেনরির আউট সুইঙ্গার বল ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করেন ইংলিশ ব্যাটাররা। ওপেনার জনি বেয়ারেস্ট ছক্কা মেরেই ইনিংসের সূচনা করেন।

তবে শুরু থেকেই ধুঁকতে দেখা যায় ডেভিড মালানকে। ২৪ বল খেলে তিনি করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৮ম ওভারের চতুর্থ বলে আউট হলেন মালান। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১৭.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। ১ রান নিয়ে ব্যাট করছেন মঈন আলী এবং ২৮ রান করেন জো রুট।

এ ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি চোট থেকে সেরে উঠছেন। খেলবেন পরের ম্যাচে। ইংল্যান্ড দলে নেই ২০১৯ সালের বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে বড় তারকা বেন স্টোকস।

এর আগে টস শেষে ইংল্যান্ড দলনায়ক জস বাটলার বলেছেন, টস জিতলে তিনিও বোলিং নিতেন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা একটি ভালো সিরিজ খেলেছি। দলের সবাই খুব আত্মবিশ্বাসী। বেন (স্টোকস) এই ম্যাচে নেই। তার খানিকটা চোট আছে।’ 

ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পালনের সময় ট্রফি নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রবেশ করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও এ বিশ্বকাপের বৈশ্বিক দূত শচীন টেন্ডুলকার।

ইংল্যান্ড স্কোয়াড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড স্কোয়াড: উইল ইয়াং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।