দল ঘোষণা নিয়ে মাঠের বাইরের অবস্থা টালমাটাল। আর মাঠেও অবস্থা করুণ। বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ পণ্ড হওয়ার পর টানা দুই জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত করল অতিথিরা।

 

আগে ব্যাটিং করে ৩৪.৩ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে লড়েছেন শুধু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ বলে ৭৬ রান করেন তিনি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জেতানো শান্ত চোটে পড়ে ওই ম্যাচের পরই ছিটকে যান। আজই প্রথম ফিরলেন। এই ম্যাচে তিনি নেতৃত্বও পান। ফিরেই খেললেন দুর্দান্ত এক ক্যাপ্টেনস নক। যদিও দলের হারে বিফলেই যায় তার এ নিঃসঙ্গ লড়াই। আর কারো ব্যাটই আজ হাসেনি।

 

পরে উইল ইয়াং ও হেনরি নিকোলসের দুই ফিফটিতে ভর করে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপ প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিল কিউইরা।  

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৭১ (শান্ত ৭৬, মাহমুদউল্লাহ ২১, মুশফিক ১৮, তৌহিদ ১৮; অ্যাডাম মিলনে ৪/৩৪, ম্যাককনচি ২/১৮, বোল্ট ২/৩৩)। নিউজিল্যান্ড: ৩৪.৫ ওভারে ১৭৫/৩ (উইল ইয়াং ৭০, হেনরি নিকোলস ৫০*; শরিফুল ইসলাম)। ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: উইল ইয়াং।