ডেভিড ওয়ার্নারের ১৬৩ ও মিচেল মার্শের ১২১ রানে ভর করে আজ শুক্রবার বেঙ্গালুরুতে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে ৩৬৭ রানের সৌধ গড়ে অস্ট্রেলিয়া। নিজেদেরই গড়া রেকর্ড নতুন করে লেখার চ্যালেঞ্জ ছিল। কিন্তু পারেনি বাবর আজমের দল। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২৭ বল বাকি থাকতে ৩০৫ রানে গুটিয়ে গিয়ে ৬২ রানে হেরেছে পাকিস্তান। আজ ওয়ার্নার ও মার্শ বেশ কিছু রেকর্ডের সঙ্গী হলেন।
তাদের ২৫৯ রান বিশ্বকাপে
দ্বিতীয় সেরা ওপেনিং পার্টনারশিপ। সর্বোচ্চ ২৮২ রানের পার্টনারশিপের রেকর্ডটা শ্রীলংকার
তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গার। ২০১১ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে রেকর্ডটা গড়েছিলেন
তারা। তৃতীয় সেরা ২৩১ রানও দিলশান ও থারাঙ্গার।
বিশ্বকাপে এই প্রথম কোনো
জুটি পাকিস্তানের বিপক্ষে ২০০ প্লাস রান তুলল। আগের রেকর্ডটা ব্রায়ান লারা ও ডেসমন্ড
হাইনসের ১৭৫ রান (১৯৯২ বিশ্বকাপ)।
এটা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার
দ্বিতীয় সেরা পার্টনারশিপ। সর্বোচ্চ ২৬০ রানের পার্টনারশিপ ওয়ার্নার ও স্টিভ স্মিথের
(২০১৫ বিশ্বকাপ, প্রতিপক্ষ আফগানিস্তান)।
৩৬৭/৯ বিশ্বকাপে পাকিস্তানের
বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ শ্রীলংকার ৩৪৪/৯, যা এই
বিশ্বকাপেই গড়ে সিংহলিজরা। এটা আবার ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অজিদের দ্বিতীয় সর্বোচ্চ
সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ৩৬৯/৭ তারা সংগ্রহ করে ২০১৭ সালে অ্যাডিলেডে।
পাকিস্তানের বিপক্ষে টানা
চার ম্যাচে সেঞ্চুরি করে বিরাট কোহলির রেকর্ড ছুঁয়েছেন ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
টানা চার সেঞ্চুরি করেছিলেন কোহলি।
অস্ট্রেলিয়ার দ্বিতীয়
ও সব মিলে পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করলেন ওয়ার্নার। রিকি পন্টিং
ও কুমার সাঙ্গাকারারও পাঁচটি করে সেঞ্চুরি। পাঁচটির বেশি সেঞ্চুরি আছে শুধু রোহিত শর্মা
(৭) ও শচীন টেন্ডুলকারের (৬)।
বিশ্বকাপে তৃতীয়বারের
মতো দেড়শোর্ধ্ব রান করলেন ওয়ার্নার। আর কোনো ব্যাটারের একটির বেশি নেই। আর ওয়ানডেতে
তার দেড়শ রানের ইনিংস হলো সাতটি। তার চেয়ে বেশি (আটটি) দেড়শ করেছেন শুধুই রোহিত শর্মা।
আজ অস্ট্রেলিয়ার হাঁকানো
১৯টি ছক্কা ওয়ানডেতে তাদের যুগ্মভাবে সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষেও তারা ১৯টি
ছক্কা মেরেছিল। ওয়ানডেতে এই প্রথম ১৯টি ছক্কা হজম করল পাকিস্তান। ২০১৬ সালে ইংল্যান্ডের
বিপক্ষে তাদের বোলাররা হজম করে ১৬টি ছক্কা। বিশ্বকাপে এটি যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ
ছক্কা। ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৫টি ছক্কা হাঁকায় ইংলিশরা।
অজি ওপেনাররা আজ মেরেছেন
১৮টি ছক্কা। ওয়ানডেতে যা নতুন রেকর্ড। আগের রেকর্ড ১৬টি ছক্কা, যা ২০১৩ সালে অস্ট্রেলিয়ার
বিপক্ষে গড়ে ভারত (১৬টিই মারেন রোহিত) এবং ২০১৫ সালে গড়ে ওয়েস্ট ইন্ডিজ (১৬টিই মারেন
ক্রিস গেইল)।
ওয়ার্নারের ১৬৩ রান বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ। এর
আগের সর্বোচ্চ ১৪৩ রান ছিল অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের (২০০৩ বিশ্বকাপ)। এছাড়া
প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুটি সেঞ্চুরি করলেন ওয়ার্নার।
প্রথমটি করেছিলেন ২০১৯ আসরে (১০৭ রান)।
দ্বিতীয় ব্যাটার
হিসেবে জন্মদিনে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন মিচেল মার্শ, যিনি আজ ৩২-এ পা দিলেন। রস
টেলর ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জন্মদিনে প্রথম সেঞ্চুরি করেছিলেন।










