শচীন
টেন্ডুলকারকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন বিরাট কোহলি।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম
সেমিফাইনালে ১০৯ বলে ৫০তম সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়েন এই ব্যাটিং গ্রেট। ১১৩
বলে ১১৭ রান করে তিনি টিম সাউদির শিকার হন। ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজান ইনিংসটি।
শচীনের
সামনে শচীনে রেকর্ড ভাঙলেন কোহলি। লোকি ফার্গুসনের করা ৪২তম ওভারে লং লেগ ও ডিপ
মিডউইকেট অঞ্চলে খেলে দুই রান নিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এ সময় তারকাখচিত
গ্যালারি দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। গ্যালারিতে ভিআইপিদের মধ্যে ছিলেন শচীন
টেন্ডুলকার, ইংলিশ ফুটবল গ্রেট ডেভিড বেকহ্যাম, কোহলির স্ত্রী আনুষ্কা শর্মাসহ
বলিউড ও ভারতের ক্রিকেট জগতের অসংখ্যা তারকা।
কোহলি
২৭৯ ইনিংসে ৫০তম সেঞ্চুরি করলেন। শচীন যা করেছিলেন ৪৫২ ইনিংসে। এছাড়া রোহিত শর্মা
২৫৩ ইনিংসে ৩১ সেঞ্চুরি, রিকি পন্টিং ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি ও সনাথ জয়সুরিয়া ৪৩৩
ইনিংসে ২৮ সেঞ্চুরি করেন।
৩৫তম
জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি করে শচীনকে ধরে ফেলার পর এবার বিশ্বকাপ সেমিফাইনালে তাকে
টপকে গেলেন কোহলি। টেস্টে অবশ্য এখনো সেরা শচীন, যিনি ৫১ সেঞ্চুরির মালিক।
ব্যাটিং
বেছে নেয়া ভারত রোহিত শর্মার ঝড়ো ইনিংসে পাওয়ার প্লেতে ৮৪ রান তুলে নেয়। রোহিত ২৯
বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৭ রান করে টিম সাউদির শিকার হন (৭১/১)। এরপর শুভমান
গিল ও বিরাট কোহলি দলের সংগ্রহ ১০০ রান করিয়ে দেন। লোকি ফার্গুসনকে পরপর চার ও
ছক্কা মেরে মাত্র ১২.২ ওভারে দলের ১০০ রান পূর্ণ করেন গিল। ৬৫ বলে ৭৯ রান করে
ক্র্যাম্পের শিকার হয়ে মাঠ ছাড়েন গিল। তার আগে কোহলিকে নিয়ে বোর্ডে যোগ করেন ৯৩
রান। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দলকে টানেন কোহলি। ১২৮ বলে ১৬৩ রান যোগ করেন দুজন।
এই জুটিতে কোহলির অবদান ৮২, শ্রেয়াসের ৭৭। এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ৪৫
ওভারে ৩৪১/২।
আজ
ক্রিস গেইলের ৪৯ ছক্কার রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড
গড়েছেন রোহিত শর্মা। তার ছক্কা এখন ৫১টি।










