মানহা’স ক্যাসেলের আয়োজনে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা -২০২৩  চতুর্থ রাউন্ডে গড়িয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা শেষে ফিদে মাস্টার মনন রেজা নীড় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দুই পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, অনত চৌধুরী ও টুটুল ধর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

তৃতীয় রাউন্ডের খেলা গতকাল শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গ্রিন রোডের আরএইচ হোম সেন্টারের মানহা’স ক্যাসেলের হল-রুমে অনুষ্ঠিত হয়।

এ রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মো. সাগরকে ফিদে মাস্টার মো. শরীফ হোসেন ও ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানকে পরাজিত করেন অনত চৌধুরী। টুটুল ধর ও ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন ড্র করেন।

আজ শনিবার সকালে শুরু হয়েছে চতুর্থ রাউন্ডের খেলা। এ রাউন্ডে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সঙ্গে ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, মো. সাগরের সঙ্গে অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার যোয়র হক প্রধানের সঙ্গে ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী সঙ্গে খেলছেন টুটুল ধর।