জন্মদিন উদযাপনের পরপরই আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। পরে হাসপাতালে ভর্তির খবর ভয় ধরিয়ে দিয়েছিল বিশ্বব্যাপী তার ভক্তদের মনে।

প্রথম দিকে কভিড-১৯ এ আক্রান্ত বলে সন্দেহ করা হলেও, পরে জানা যায় তার মস্তিস্কে রক্ত জমাট বেঁধেছে (সাবডোরাল হেমাটোমা)। যে কারণে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিত্সক লিওপলডো লুকে।

বিবৃতিতে লুকে বলেন, এই ক্রনিক সাবডোরাল হেমাটোমা সফলভাবে বের করা গেছে। অস্ত্রোপচারের ধাক্কা ডিয়েগো ভালোভাবেই সামলেছেন। এখন সবকিছু ভালো আছে। 

তবে অস্ত্রোপচার সফল হলেও আপাতত চিকিত্সকদের পর্যবেক্ষণে আছেন ম্যারাডোনা। 

এর আগে অসুস্থ হয়ে পড়লে আর্জেন্টাইন কিংবদন্তিকে প্রথম লা প্লাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় অলিভস হাসপাতালে। সেখানেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। 

সিএনএন