এশিয়া কাপে আজ শনিবার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শ্রীলংকার পাল্লেকেলে
ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ ছিল। পুনরায় খেলা শুরুর
পরই শাহিন শাহ আফ্রিদির গতিতে এলোমেলো ভারত। পরপর দুই ওভারে তিনি সাজঘরে ফিরিয়েছেন
ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সেরা ব্যাটার বিরাট কোহলিকে। দুজনকেই বোল্ড করেন। এরপর
আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার। এ প্রতিবেদন লেখার সময় ১১.২ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৫১/৩।
শুভমান গিল ৬ ও ইশান কিশান ২ রানে ব্যাট করছিলেন। এই সময় দ্বিতীয়বারের মতো বৃষ্টি হানা
দিলে খেলা বন্ধ হয়ে যায়।
পঞ্চম ওভারে রোহিতকে (২২
বলে ১১) বোল্ড করেন আফ্রিদি। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে চতুর্থ বলে রোহিতকে ফেরান
তিনি। পরের ওভারের তৃতীয় বলে পরাস্ত করেন কোহলিকে (৭ বলে ৪)। সিঙ্গেল নেয়ার উদ্দেশে
শট খেলতে চেয়েছিলেন কোহলি, যদিও পিচে বল খুব দ্রুত আসছিল বলে তিনি পরাস্ত হন এবং ইনসাইড
এজ হয়ে বোল্ড।
ভারতের তৃতীয় উইকেটটি
শিকার করেন আরেক পেসার হারিস রউফ। দশম ওভারের পঞ্চম বলে শ্রেয়াস আইয়ারকে (৯ বলে ১৪)
ফখর জামানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। শুরু থেকে ভালো খেলছিলেন শ্রেয়াস, যদিও
এই বলটিতে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তান
দ্বৈরথের সূচনা সেই ১৯৭৮ সালে। ৫০ ওভারের ক্রিকেটে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯
সালের বিশ্বকাপে। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন পর্যন্ত ১৩২টি ওয়ানডে
ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৭৩টিতে ও ভারত ৫৫টিতে জিতেছে। ফলহীন ছিল
৪টি ম্যাচ।
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে
১৩ বারের লড়াইয়ে ভারত ৭টি ও পাকিস্তান ৫টি জিতেছে। আর টি২০ ফরম্যাটে তিনবারের দেখায়
ভারত ২টি ও পাকিস্তান ১টিতে জিতেছে। সব মিলে, এশিয়া কাপে ১৬ বারের মোকাবেলায় ভারত ৯টি
ও পাকিস্তান ৬টি ম্যাচ জিতেছে।
পাকিস্তান স্কোয়াড
ইমাম-উল-হক, ফখর জামান,
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ
নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক),
শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা,
শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।










