বামহাতি স্পিনার অক্ষর প্যাটেল চোটে পড়ায় অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্র অশ্বিনকে বিশ্বকাপের স্কোয়াডে ডাকল স্বাগতিক ভারত। ২৮ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ দিন এ পরিবর্তন আনে বিসিসিআই।
অক্ষরের চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। তাই তার আশায় আর বসে থাকবে না ভারত। এ কারণেই টেস্টে দেশসেরা বোলার অশ্বিনের ডাক পড়ল।
বৃহস্পতিবার পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যেত নিজেরাই। কিন্তু এখন থেকে স্কোয়াডে কোনো পরিবর্তন চাইলে বিশ্বকাপ টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। এটা শুক্রবার থেকে কার্যকর। এবারের দলে ২০১১ সালের বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের মধ্যে শুধুই বিরাট কোহলি ছিলেন। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন।
আগস্টের শেষ দিকে দল ঘোষণা করে বিসিসিআই। তখন প্রধান নির্বাচক অজিত আগারকার বলছিলেন, অশ্বিন তাদের বিবেচনায় রয়েছেন। যদিও প্রথমে অক্ষরকেই বেছে নেন তারা। এখন অক্ষরের চোটে ডাক পেলেন অশ্বিন।










