বাংলাদেশের এশিয়া কাপ
মিশন শুরু হয়েছে। আজ শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে
ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে অভিষেক ঘটেছে তানজিদ হাসান তামিমের।
যদিও অভিষেক রাঙানো হলো না তার। মাত্র দুই বল মোকাবেলা করে শূন্য রানে সাজঘরে ফিরেছেন
তিনি।
এরপর দলীয় ৯৫ রানের মধ্যে
আউট হয়েছেন নাঈম শেখ (১৬), সাকিব আল হাসান (৫) ও তৌহিদ হৃদয় (২০)। শান্ত ও হৃদয় ৮০
বলে ৫৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। এরপর দলকে টানছিলেন শান্ত ও মুশফিক। ইন-ফর্ম শান্ত
চাপের মধ্যে ব্যাটিং করে ৬৬ বলে ফিফটি পূর্ণ করেন। এ প্রতিবেদন লেখার সময় তিনি ব্যাট
করছিলেন ৬৭ রানে। তার সঙ্গে শূন্য রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ ওভারশেষে
দলের সংগ্রহ ছিল ১২৭/৫।
তিন পেসার ও তিন স্পিনার
নিয়ে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বল ঘুরাবেন শেখ
মেহেদী হাসান। আর পেস বোলিংয়ে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আজ অভিষেক ঘটেছে তরুণ ব্যাটার তামিমের। তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের জায়গায় সুযোগ
পেয়েছেন। যদিও অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ২২ বছর বয়সী এই বামহাতি ব্যাটার।
রহস্যময় স্পিনার মহিশ থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
এরপর ২৩ বলে ১৬ রান করে
আউট হয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। একাদশতম ওভারে অধিনায়ক সাকিব আল হাসানকে
ফিরিয়েছেন পেস বোলার মাথিসা পাথিরানা। তার অফস্ট্যাম্পের বাইরে পড়া শর্ট বলে সাকিব
ব্যাট ছোঁয়ালে বল চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে। এরপর ইনফর্ম তৌহিদ হৃদয়
লেগ বিফোরের ফাঁদে পড়েন লংকান দলনায়ক দাসুন শানাকার বলে।
৩৩তম ওভারে পাথিরানার বলে আউট
হন মুশফিক। তার শর্ট বলে ছক্কা মারতে গিয়ে থার্ড ম্যানে করুনারত্নেকে ক্যাচ দেন তিনি।
আউট হওয়ার আগে শান্তকে নিয়ে ৫৩ বলে ৩২ রানের জুটি গড়েন মুশফিক।










