আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চেক রিপাবলিককে। তার ফলও পেয়ে যায় তারা দ্রুত। ম্যাচের ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার সয়কার সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর মাইকেল সাদিলেক বল জালে জড়িয়ে দেন। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই দ্রুততম গোল। শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় চেকরা।

প্রথমার্ধে গোলের পরও আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি চেক রিপাবলিক। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার। আফ্রিকার দলটি বলের দখল ধরে রাখার চেষ্টা করলেও চেক রক্ষণ ভাঙার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ফলে বিরতিতে যাওয়ার সময়ও স্কোরলাইন ছিল ১-০।

বিরতির পর আরও একবার গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল চেক রিপাবলিক। ৪৮তম মিনিটে লুকাস চের্ভের দূরপাল্লার শক্তিশালী শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়। সেই সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পরে আরও বড় হয়ে দেখা দেয় তাদের জন্য।

ম্যাচ যত শেষের দিকে গড়াতে থাকে, দক্ষিণ আফ্রিকা ততই আক্রমণের তীব্রতা বাড়ায়। সমতা ফেরানোর লক্ষ্যে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। অবশেষে ৮২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সুযোগ। মাসেকোর জোরালো শট চেক ডিফেন্ডার সুলচের হাতে লাগলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন।

স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি মোকোয়েনা। আত্মবিশ্বাসী শটে তিনি বল পাঠিয়ে দেন জালের নিচের বাঁ কোণে। গোলরক্ষক মাতেই কোভারকে ভুল পথে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার।