ভাই রিসের পদাঙ্ক অনুসরণ করে চেলসির সঙ্গে চুক্তিতে সই করেছেন তিনি। চেলসিতে গোটা ক্যারিয়ার কাটানো লরেন জেমস ব্লুজদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। একই দিনে তার ভাই রিস চুক্তি করেছেন ২০৩২ সাল পর্যন্ত।
চেলসির ক্লাব ওয়েবসাইটে লরেন জেমস বলেছেন, ‘আমি সত্যিই খুব খুশি এবং চেলসির সঙ্গে নতুন চুক্তি করতে পেরে যারপরনাই আনন্দিত। আমার শৈশব থেকেই এ ক্লাবে আছি, কাজেই এখন এ ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে আমি খুবই খুশি। অভাবনীয় এ ক্লাবটির হয়ে আরো অনেক সাফল্য পেতে, আরো অনেক শিরোপা জিততে, আরো অনেক স্মৃতি তৈরি করতে চাই আমি।’
চেলসির হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী লরেন জেমস। গোল করেছেন ৩১টি। তিনি যে চারটি পূর্ণ মৌসুম খেলেছেন তার প্রতিটিতেই উইমেনস সুপার লিগ শিরোপা জিতেছেন। এছাড়া তিনটি উইমেনস এফএ কাপ ও একটি উইমেনস লিগ কাপ জিতেছেন।
চেলসির স্পোর্টিং ডিরেক্টর পল উইনস্ট্যানলে ও লরেন্স স্টুয়ার্ট বলেন, ‘লরেন চুক্তি নবায়ন করায় আমরা আনন্দিত। সে এই দেশে তৈরি হওয়া অন্যতম সেরা ও সহজাত মেধাবী খেলোয়াড়। ব্লুজদের জার্সিতে সে যা অর্জন করেছে তা নিয়ে এ ক্লাবের সঙ্গে জড়িত প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং তাকে নিয়ে পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।’
আজ উইমেনস লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লরেন জেমসের চেলসি। তার আরেকটি শিরোপার জয়ের সুযোগ।
লরেনের বড় ভাই রিস জেমস ছয় বছর বয়স থেকে চেলসিতে ট্রেনিং শুরু করেন। ২০২৩ সালে তিনি ব্লুজদের অধিনায়কের দায়িত্ব পান। গতকাল তিনি লন্ডন জায়ান্টদের সঙ্গে ছয় বছরের দীর্ঘ চুক্তিতে সই করেছেন। তার আগের চুক্তিটি ২০২৮ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকিতে যেতে চায়নি চেলসি। চুক্তির শেষ বছরেও নতুন চুক্তি না করায় বিনা ফিতে ছেড়ে দিতে হয়েছিল আন্তোনিও রুডিগার ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে। তেমন ভুল আর করতে চায় না ব্লুজরা।
চেলসির হয়ে ২২৫ ম্যাচ খেলেছেন রিস জেমস। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ও গত বছরের ফিফা ক্লাব শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। নতুন চুক্তি নিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু ছিল না। আমি এ ক্লাব থেকেই উঠে এসেছি, আমি ক্লাবটিকে ভালোবাসি। এখানে জয়ের অভিজ্ঞতা আছে আমার, আশা করি ভবিষ্যতেও আমরা সাফল্য পাব।’
তিনি আরো বলেন, ‘আমি ক্লাবের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মালিক ও ক্রীড়া পরিচালকসহ সবার সঙ্গে কথা বলেছি। আমি পুরোপুরি এ প্রজেক্টের সঙ্গে আছি এবং এ ক্লাবটিকে সামনে এগিয়ে নিতে চাই। চুক্তি নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে এটা ঠিক, দুই পক্ষের লক্ষ্য অভিন্ন। আমি নিশ্চিত, ওপর থেকে নিচ পর্যন্ত ক্লাবের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা একটাই—জয়। আমি এখানে আসার পর প্রত্যেক বছরই আমরা শিরোপা জিতেছি এবং এ ধারায় থাকতে চাই আমরা।’
রিস জেমস স্বীকার করেন, চেলসি ছাড়লে তিনি হয়তো আরো বেশি অর্থ আয় করতে পারবেন, তবে তিনি এ ক্লাবটিকে ‘ভালোবাসেন’ আর এখানে ‘সুখী’ আছেন, যা তাকে নতুন চুক্তি করতে অনুপ্রাণিত করেছে।
তার কথায়, ‘এ ক্লাবটি আমার ঘর, এ ক্লাবটিকে আমি ভালোবাসি আর এখানে থাকতে চাই। অন্য কোথাও বেশি টাকা পেতাম কিনা? হয়তো, কিন্তু টাকাই শেষ কথা নয়। আমার কাছে মনের সুখই আগে। আমি এখানে জিততে এসেছি এবং আমরা এখানে জিতব।’










