আহমেদাবাদে বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টস দিয়ে পর্দা উঠেছে বিশ্বকাপের। এর মাধ্যমে লম্বা সময় পর আয়োজক দেশ ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত না থাকায় উদ্বোধনী ম্যাচের টিকিট নিয়ে তেমন আগ্রহ নেই স্থানীয় ক্রিকেটপ্রেমীদের। বিক্রি হয়নি আসন্ন ম্যাচের সব টিকিট। তাই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে গ্যালারি ভরতে অভিনব এক উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম কর্তৃপক্ষ। উদ্বোধনী ম্যাচে গ্যালারি জাকজমক রাখতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে ফ্রিতে টিকিট দেয়া হয়েছে। তবে টিকিট বিনামূল্যে দেয়ার পরও ম্যাচ চলাকালীন এক লাখ ৩০ হাজার ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়াটি ছিল অনেকটাই ফাঁকা । 

জানা গেছে, আহমেদাবাদের ক্ষমতাসীন বিজেপি নেতারা ফ্রিতে টিকিট দেয়ার জন্য নিজেদের এলাকা থেকে নারীদের একটি তালিকা তৈরি করে রেখেছিলেন। ফ্রিতে টিকিট দেয়ার পাশাপাশি ওইসব নারীদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘খেলা দেখার জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসার ঘটনা অনেক দেখেছি। তাতে গ্যালারি ভরার পাশাপাশি উৎসবের আমেজ তৈরি হয়। পার্থক্য একটাই, আমরা নারী দর্শকদের নিয়ে আসব।’

স্থানীয় বিজেপি সহ সভাপতি ললিত ভাধাওয়ান বলেন, ‘৩০ থেকে ৪০ হাজার নারী উদ্বোধনী ম্যাচ দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবক দল নাম সংগ্রহ করে তাদের কাছে টিকিট দিয়ে এসেছে। মেয়েদের জন্য ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে। তাছাড়া টিকিট এসেছে ওপরমহল থেকে। নারীরা নিজেদের ‍উদ্যোগেই স্টেডিয়ামে যাবেন।’