চেন্নাই এমএ চিদম্বরম
স্টেডিয়ামে আজ বুধবার নিউজিল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিল আফগানিস্তান বোলিং ব্রিগেড।
আগের ম্যাচেই যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামায়। যদিও আজ বিপর্যয়
কাটিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৮৮ রান তুলে নেয় কিউইরা। আফগানিস্তানকে এখন জিততে হলে
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ চেজ, চেন্নাইয়ে সর্বোচ্চ ওয়ানডে চেজ ও বিশ্বকাপে নিউজিল্যান্ডের
বিপক্ষে সর্বোচ্চ চেজের রেকর্ড গড়তে হবে।
১১০ রানের মধ্যে কিউইদের
চার উইকেট তুলে নেয় আফগানিস্তান। সাজঘরে ফিরে যান ডেভন কনওয়ে (২০), রাচিন রবীন্দ্র
(৩২), উইল ইয়ং (৫৪) ও ড্যারিল মিচেল (১)। কিউইরা ৯ বল ও ২ রানের মধ্যে আকস্মিক ৩ উইকেট
হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ে (১১০/৪)। এরপর গ্লেন ফিলিপস ও অধিনায়ক টম ল্যাথাম ১৫৩ বলে
১৪৪ রানের দারুণ এক জুটিতে দলের সংগ্রহ আড়াইশ পার করান।
একই ওভারে (৪৮তম) এই দুজনেকই
সাজঘরে ফেরান নবীন-উল-হক। দলীয় ২৫৪ রানের সময় ৮০ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৭১
রান করে আউট হয়ে যান ফিলিপস। এক বল বিরতি দিয়ে ল্যাথামকে বোল্ড করেন নবীন-উল-হক। ল্যাথাম
৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন। এরপর মার্ক চ্যাপম্যান (১২ বলে ২৫*) ও মিচেল
স্যান্টনার (৫ বলে ৭*) নিউজিল্যান্ডের সংগ্রহটা ২৮৮ পর্যন্ত টেনে নেন।
নবীন-উল-হক ও আজমতউল্লাহ
ওমরজাই দুটি করে এবং রশিদ খান ও মুজিব-উর-রহমান একটি করে উইকেট নেন।










