কাঠমান্ডুতে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ অবস্থায় আজকের নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি জানিয়েছেন। শনিবার দুই দলের প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

উত্তপ্ত পরিস্থিতির কারণে বাংলাদেশ দলের গতকালের অনুশীলন সেশন স্থগিত করা হয়। হোটেলেই অবরুদ্ধ ছিলেন জামাল ভূঁইয়া-রাকিব হোসেনরা। গতকাল প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন টিম হোটেলেই অনুষ্ঠিত হয়। সেখানে দুই দলের কোচ ও অধিনায়করা কথা বলেন। যদিও অনুশীলনের জন্য মাঠে যাওয়া সম্ভব হয়নি। দলের অনুশীলন স্থগিত করা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে অনুশীলন সেশনটি স্থগিত করা হয়েছে।’

বেলা ২টার পর টিম হোটেলের লবিতে অপেক্ষা করছিল বাংলাদেশ দল, তাদের বহনকারী বাসও ছিল প্রস্তুত। ঠিক তখনই নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) জানায়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়। এরপর হোটেলকক্ষে ফিরে যান জামাল ভূঁইয়া-রাকিব হোসেনরা।

দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল রাত ১০টার সময়। যদিও তার আগেই আমের খান ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।