নভেল করোনাভাইরাসে আক্রান্তের মিছিলে সামিল হয়েছেন লিভারপুল সুপারস্টার সাদিও মানে। তীব্র কোন লক্ষণ না থাকলেও, আপাতত সেলফ আইসোলেশনে থাকছেন তিনি।

তিন দিন আগে বায়ার্ন মিউনিখ থেকে সদ্য লিভারপুলে যোগ দেয়া থিয়াগো আলকান্তারা কভিড-১৯ পরীক্ষায় পজেটিভ এসেছিলেন। তার সংস্পর্শে আসার পর এবার মানেও করোনা আক্রান্ত হলেন।

লিভারপুলের পক্ষ থেকে বলা হয়েছে, সেনেগালের এই উইঙ্গারের মৃদু উপসর্গ আছে কিন্তু সবমিলিয়ে তিনি ভালো আছেন।

প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলে জেতা ম্যাচে একাদশে ছিলেন মানে, করেছেন গোলও। তবে একই দলের বিপক্ষে ইএফএল কাপের ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নেয়া ম্যাচে দলে ছিলেন না তিনি।

লিভারপুলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, থিয়াগো আলকান্তারার মতো মানের ক্ষেত্রেও লিভারপুল কভিড-১৯ সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনে চলবে। প্রয়োজনীয় সময় পর্যন্ত মানে সেলফ আইসোলেশনে থাকবেন।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিন গোল করার মানে সামনের দিনগুলোতে অ্যাস্টন ভিলার সঙ্গে লিগ ম্যাচ মিস করতে যাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ১৭ অক্টোবর এভারটনের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাকে।

বিবিসি