এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরে স্বাগতিক দল পড়েছে বিপাকে। আজ দ্বিতীয় ম্যাচেই তারা পড়ছে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের মুখে। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই। আর অতিথি অস্ট্রেলিয়া জিতলেই ২-০তে সিরিজ নিশ্চিত করে ফেলবে। সাগরিকায় ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।
ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুটিতে হেরে যায় অজিরা। শেষ ম্যাচে স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর ১ উইকেটে জিতে তারা হোয়াইটওয়াশ এড়ায়। সেই জয়ে উজ্জীবিত অজিরা চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা করে। প্রথম ম্যাচটি তারা জিতে নেয় ৪ উইকেটের ব্যবধানে। লিটন দাসের অনুপস্থিতিতে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৩১ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়।
তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে আগের ম্যাচে খেলায়নি বাংলাদেশ। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে এ দুজনকে। সেক্ষেত্রে চার পেসার নিয়ে খেলতে পারে স্বাগতিকরা। আবার ২৮ বছর বয়সী পেস বোলার আব্দুল গাফফার সাকলাইনেরও অভিষেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো কোনো সিনিয়র পেসারকে বিশ্রাম দেবে বাংলাদেশ।










