কনওয়ে-রবীন্দ্র’র রেকর্ডগড়া জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমত গুঁড়িয়ে দিয়েছে কিউইরা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে হারের ‘মধুর প্রতিশোধ’ নিয়েছে কিউরা।
এদিন ২৮৩ রানের লক্ষ্য তাড়া পাড়ি দিয়েছে ৩৬.২ ওভারেই, ৯ উইকেট হাতে রেখে। অথচ রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে গোল্ডেন ডাকে ফেরেন উইল ইয়ং (১ বলে ০)। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা।
কিন্তু এরপর ডেভন কনওয়ে আর প্রমোশন পেয়ে ওপরে আসা রাচিন রাবিন্দ্র রীতিমত রুদ্রমূর্তিতে আবির্ভূত হন। দুর্দান্ত সব শট খেলে ইংলিশ বোলারদের দিশেহারা করে ফেলেন তারা। এ দুজনের উড়ন্ত সূচনায় ১৩.৪ বল বাকী থাকতেই জয় তুলে নেই ব্ল্যাক ক্যাপসরা। ৮৩ বলে সেঞ্চুরি করেন কনওয়ে। তিন অংক ছুঁতে এক বল কম লাগে রাচিন রাবিন্দ্রর, যা কিনা আবার বিশ্বকাপে কিউই কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দ্বিতীয় উইকেটে কনওয়ে আর রাবিন্দ্র ২১১ বলে ২৭৪ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
৯৬ বলে ১১ চার আর ৫ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন রাবিন্দ্র। ১২১ বলে ১৫২ রানের চোখ ধাঁধানো ইনিংসে ১৯টি চার আর ৩টি ছক্কা হাঁকান কনওয়ে।
এর আগে ১১৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইংলিশরা। যদিও জো রুট (৭৭) ও জস বাটলার (৪৩) হাল ধরার পর টেল-এন্ডের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮২ রান তুলতে সমর্থ হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।ইংলিশরা। অর্থাৎ জিততে হলে ২৮৩ করতে হবে কিউইদের। ম্যাট হেনরি তিনটি এবং মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস দুটি করে উইকেট নেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করেন ইংলিশ ব্যাটাররা। ওপেনার জনি বেয়ারেস্ট ছক্কা মেরেই ইনিংসের সূচনা করেন।
তবে শুরু থেকেই ধুঁকতে দেখা যায় ডেভিড মালানকে। ২৪ বল খেলে তিনি করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৮ম ওভারের চতুর্থ বলে আউট হলেন মালান।
থিতু হয়ে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। ৩৫ বলে ৩৩ রান করে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে থামতে হয়েছে তাকেও। তবে স্বভাবজাত মারকুটে ব্যাটিং থেকে বের হতে পারেননি হ্যারি ব্রক। রাচিন রাবিন্দ্রের যে ওভারে আউট হয়েছে, তার আগের তিন বলে দুটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান এই ব্যাটার। নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে আত্মসমর্পন করেছেন মঈন আলিও। ব্যক্তিগত ১৭ বলে ১১ রানে গ্লেন ফিলিপসকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন এই অলরাউন্ডার।










