এশিয়া কাপে আজ আফগানিস্তানের
বিপক্ষে ‘নকআউট’ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে
বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব আল হাসানদের
জন্য ম্যাচটি বাঁচা-মরার।
টস শেষে বাংলাদেশ দলনায়ক
সাকিব জানিয়েছেন, আজ বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন থাকছে। ব্যাটার তানজিদ হাসান তামিম,
অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে এসেছেন ব্যাটার
শামীম হোসেন, ব্যাটার আফিফ হোসেন ও পেসার হাসান
মাহমুদ।
লাহোরের উইকেট ব্যাটিংয়ের
জন্য ভালো বলছেন বিশ্লেষকরা। প্রচণ্ড রোদে পিচ পরের দিকে ভাঙতে পারে। তখন হয়তো স্পিনাররা
সুবিধা পাবেন। সিমারদের জন্যও ভালো করার সুযোগ রয়েছে।
লাহোরের প্রচণ্ড গরম ও
উইকেট বিবেচনায় আগে ব্যাটিং করে বোর্ডে ভালো রান তুলতে চান সাকিব। আফগান দলনায়ক হাশমতউল্লাহ
শহিদি জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
পাল্লেকেলেতে প্রথম ম্যাচে
শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। আজ তাই জয়ের বিকল্প নেই টাইগারদের
সামনে। জিতলে সুপার ফোরে ওঠার সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায়।
বাংলাদেশ একাদশ
মোহম্মদ নাঈম শেখ, মেহেদী
হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর
রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার),
ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ
নবি, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।










