মাত্র ঊনিশ বছর বয়সেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে নিলেন পোলিশ খেলোয়াড় ইগা সোয়েনতেক। আজ শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে সরাসরি ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দেন তিনি। 

ইগা সর্বনিম্ন র‌্যাংকধারী হিসেবে রোলাঁ গারোঁয় শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। মেয়েদের টেনিসে তিনি ৫৪ নম্বর খেলোয়াড়। উইম্বলডনের সাবেক জুনিয়র চ্যাম্পিয়ন এবার নাম লেখালেন ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে। 

চলতি আসরে কোনো সেট না হেরে শিরোপা হাতে নিলেন ইগা। জয় শেষে হাসোজ্জ্বল এ খেলোয়াড় বললেন, ‘জানি না কী ঘটছে, আমি অনেক খুশি। এটা যেন পাগলাগে সময়। দুই বছর আগে আমি জুনিয়র গ্র্যান্ড স্লাম জিতেছি এবং এখন আমি এখানে। এত অল্প সময়, আমি অভিভূত।’

পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে এককে শিরোপা জিতলেন ইগা। এছাড়া মনিকা সেলেসের পর (১৯৯২) সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন তিনি।

এদিকে আজ ছেলেদের এককে ফাইনালে মুখোমুখি হবেন ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। নাদাল জিতলে ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লাম শিরোপার রেকর্ড। জোকোভিচ জিতলে তার শিরোপা হয়ে যাবে ১৮টি। 

সূত্র: বিবিসি