স্পিনার নাহিদা আক্তারের
নৈপুন্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সিরিজের প্রথম টি২০
ম্যাচে সফরকারী পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা। ২৩ বছর বয়সী নাহিদা ৮ রানে
নিলেন ৫ উইকেট। তার ঘূর্ণি বলের মুখে ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায়
পাকিস্তান। রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় নিশ্চিত করে
বাংলাদেশ।
২৫ রানের মধ্যে পাকিস্তান ওপেনার সিদরা আমিন ও মুনিবা আলীকে সাজঘরে ফেরান নাহিদা। মাঝে রাবেয়া খান (১/১৬), স্বর্ণা আক্তার (১/১৪) ও সুলতানা খাতুনের (১/১৯) দুর্দান্ত বোলিংয়ে স্কোরটা ৫৯/৬ করে দেন। শেষ দিকে আরো তিন উইকেট শিকার করে পাকিস্তানকে ৮২ রানে আটকে দেন নাহিদা। বিসমাহ মারুফ ও নাতালিয়া পারভিজ রানআউট হয়েছেন।
এরপর বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখে ফেলে পাকিস্তান। ৩৩ রানের মধ্যে বাংলাদেশ হারায় শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারিকে। যদিও মুর্শিদা খাতুন (২৩) ও অধিনায়ক নিগার সুলতানা (২৬*) ব্যাটে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
২৭ ও ২৯ অক্টোবর একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।










