গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের লড়াই দিয়ে শুরু হওয়া ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আজ ‘সুপার সানডে’। চেন্নাইয়ে আজ দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। 

১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার ও ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ পায় ভারত। সর্বশেষ বিশ্বকাপ জয়ের সময় তারা আয়োজক ছিল। মাঝের এ সময়ে তারা শুধু ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাই জিতেছে ইংল্যান্ডের মাটিতে। এবার শিরোপা খরা ঘুচাতে মরিয়া স্বাগতিক ভারত। 

এই মিশনে প্রথমেই তাদের সামনে বিশ্বকাপের পরাশক্তি ও সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। অজিরা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছে। তারা একমাত্র দল হিসেবে টানা তিনবার বিশ্বকাপ জিতেছে। 

অজিদের পেস বোলিং ব্রিগেডে এবারো নেতৃত্বে আছেন মিচেল স্টার্ক, যিনি গত আসরে ২৭ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান। এছাড়া জস হ্যাজেলউড ও অধিনায়ক প্যাট কামিন্স ভারতের মাঠে মাঠে ঝড় তুলতে তৈরি। স্পিনার অ্যাডাম জাম্পাও উপমহাদেশে সফলতা পেয়েছেন—১৬ ম্যাচে ৩০.৭৭ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। 

অস্ট্রেলিয়ার ব্যাটাররা ভারতের মাঠগুলোকে চেনেন নিজেদের হাতের তালুর মতোই। কেননা তাদের বেশির ভাগই আইপিএলে বিভিন্ন দলে খেলেন। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল ভারতে নিয়মিতই খেলে থাকেন। 

আজকের ম্যাচ সামনে রেখে অজি দলনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে খেলতে পারছে না ট্রাভিস হেড। যদিও মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার আমাদের জন্য বিপজ্জনক কম্বিনেশন হতে পারে।’

ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান. হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা...। কে কাকে ছাড়িয়ে যাবেন, সেই প্রতিযোগিতা চলে নিত্য। যদিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত গিল। তিনি সেরে উঠছেন। আর বোলিংয়ে পেস ও স্পিনের কম্বিনেশনও দুর্দান্ত। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের সঙ্গে রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও বামহাতি স্পিনার জাদেজার সম্মিলিত অ্যাটাক প্রতিপক্ষের জন্য অগ্নিপরীক্ষা হতে পারে। তৃতীয় পেসারের ভূমিকায় থাকবেন পাণ্ডিয়া। 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ভারতে দুই জাতির সিরিজে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছে অজিরা। ভারত সিরিজ জিতে নেয় ২-১-এ। এবার বিশ্বকাপ তাদের মুখোমুখি রোহিতের দল। স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথম ম্যাচ নিয়ে বলেন, ‘গত কয়েকটি ম্যাচে (অস্ট্রেলিয়া সিরিজ ও এশিয়া কাপ) আমরা ভিন্ন ভিন্ন কন্ডিশন ও দলকে মোকাবেলা করেছি। ওইসব ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। আমাদের খুব ভালো একটি স্কোয়াড রয়েছে এবং আমরা জানি বিশ্বকাপে কীভাবে এটি ব্যবহার করব। আগামী এক-দেড় মাস শুধু শরীর ও মনকে সতেজ রাখতে হবে।