বিশ্বকাপের দেশে বিশ্ব চ্যাম্পিয়নদের আগমন। এ বহরে আছেন দলের বেশির ভাগ খেলোয়াড়। এ শহরেই ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে লিওনেল মেসির দল। এর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।
ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লিগগুলো আর চ্যাম্পিয়নস লিগের মতো জনপ্রিয় প্রতিযোগিতার ফাইনালও শেষ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিনের তারকারা এবার লড়াইয়ে নামছেন দেশের জন্য, জাতীয় পতাকার জন্য। ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরু হচ্ছে ১১ জুন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এক মাসেরও বেশি সময় ধরে ফুটবলের এ মহারণ নিয়ে বুঁদ হয়ে থাকবেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। এমনকি কখনই বিশ্বকাপ না খেলা বাংলাদেশের অলিগলিতেও উড়বে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনের পতাকা।
এবারের বিশ্বকাপ আসরটি বেশ তাৎপর্যপূর্ণই বটে। এই প্রথম ৪৮ দল নিয়ে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। দল বাড়ায় বেড়েছে ম্যাচও। এবার মোট ১০৪টি ম্যাচ আয়োজন করবে উত্তর আমেরিকার তিনটি দেশ। মেক্সিকো রেকর্ড তৃতীয়বার, যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার ও কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। একাধিক দেশে যৌথভাবে বিশ্বকাপ আসর আয়োজনের দ্বিতীয় ঘটনা এটি। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।
এবার তিন দেশ আয়োজক বলে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান! বাংলাদেশ সময় ১১ জুন রাতে মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর। ওই ম্যাচ শুরুর আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। এছাড়া পারফর্ম করবেন মেক্সিকোর ফোক ও পপ গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ছাড়াও বেলিন্ডা, টাইলা ও লিলা ডাউনস। অনুষ্ঠানে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছে ফিফা।
কানাডায় প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১২ জুন রাত ১টায়। টরন্টো স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ওই ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা, উইলিয়াম প্রিন্স ও ভারতের নোরা ফাতেহি। একই দিনে (বাংলাদেশ সময় ১৩ জুন সকাল ৭টা) লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। এ ম্যাচের আগে থাকছে যুক্তরাষ্ট্র পর্বের উদ্বোধনী অনুষ্ঠান, যাতে পারফর্ম করবেন মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি ছাড়াও রÅাপার ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা। ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।
অংশগ্রহণকারী ৪৮ দেশের মধ্যে তিন স্বাগতিক দেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আর প্রথমবারের মতো খেলবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। আর্জেন্টিনা নামছে বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশনে, আর ব্রাজিল নামছে ‘হেক্সা’ মিশনে। রেকর্ড পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতেছে সেলেসাওরা।
চিরাচরিতভাবে ৩২ দেশের বিশ্বকাপে ছিল ৬৪ ম্যাচ। এবার এক লাফেই তা বেড়ে হয়েছে ১০৪টি। বিশ্বকাপ স্থায়ী হবে ৩৯ দিন। কানাডার দুটি, মেক্সিকোর তিনটি ও যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে বসছে এবারের ফুটবল মহাযজ্ঞ। যুক্তরাষ্ট্র একাই ৭৮টি ম্যাচ আয়োজন করবে। বাকি দুই দেশ উভয়েই সমান ১৩টি করে ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে।
২০১৮ বিশ্বকাপের হিরো কিলিয়ান এমবাপ্পে কাতার আসরের ফাইনালেও করেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারলেও এমবাপ্পের বীরত্বগাথা উচ্চারিত হবে যুগ যুগ ধরে। এমবাপ্পের ফ্রান্স এবারো অন্যতম ফেভারিট হিসেবে খেলবে। তবে এবার বিশেষভাবে আলোতে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। তিন ফুটবল সুপারস্টার রয়েছেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভবত এটিই তিনজনের শেষ বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পরিপূর্ণতা এনেছেন মেসি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী, আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলদাতা রোনালদো সম্ভাব্য সব শিরোপা জিতলেও বিশ্বকাপের সোনালি ট্রফিতে এখনো চুমু খেতে পারেননি। ৪১ বছর বয়সী রোনালদো দারুণ ফর্মে রয়েছেন। পারবেন কি বিশ্বকাপ শিরোপা জিতে অমরত্বের পথে হাঁটতে?
৩৪ বছর বয়সী নেইমারও কখনো বিশ্বকাপ কিংবা কোপার মতো বড় শিরোপা জিততে পারেননি। মেধাবী এ খেলোয়াড়ের ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে চোটের কারণে। স্যান্টোস, বার্সেলোনা, পিএসজি, আল হিলাল ঘুরে স্যান্টোসে ফিরে গেছেন তিনি। ক্লাবে খেলার সময় চোটে পড়ায় এবারের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়েও ছিল রাজ্যের অনিশ্চয়তা। কোচ কার্লো অ্যানচেলত্তির চমক দেখানো সিদ্ধান্তে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় নেইমারকে, যা নেইমার সমর্থকরা দারুণভাবে উদযাপনও করেছেন। যদিও বিশ্বকাপে তার খেলা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। ব্রাজিল কোচ অবশ্য অভয় দিচ্ছেন। তার ক্লাবের পক্ষ থেকে একটি এডিমার (ফোলাজনিত সমস্যা) বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়ে শনিবার অ্যানচেলত্তি বলছিলেন, ‘আমরা বিশ্বাস করি, সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবে। মানসিকভাবে প্রফুল্ল আছে।’
এর আগে ব্রাজিলের মেডিকেল স্টাফ প্রধান রদ্রিগো লাসমার বলেছিলেন, নেইমারকে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। লাসমারের কথা সত্য হলে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবু স্বপ্ন দেখছেন নেইমার ও ব্রাজিল সমর্থকরা।
ফিট থেকে প্রতিটি ম্যাচে খেলতে পারলে ৪৮ দলের এ বিশ্বকাপ আসরের দর্শকপ্রিয়তা, প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়িয়ে দিতে পারেন মেসি, রোনালদো ও নেইমার।










